0%

বড় সিদ্ধান্ত RBI-র! টাকা পাঠানোর নিয়মে হল পরিবর্তন, দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) অভ্যন্তরে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর (Money Transaction) নিয়মে বড়সড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট কিছু মাধ্যমে নগদ টাকা পাঠানোর ক্ষেত্রে এককালীন এবং মাসিক ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে প্রাপককে নগদে টাকা দেওয়ার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। অন্যদিকে, বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে নগদ জমা দিয়ে টাকা পাঠালে এককালীন সীমা থাকছে ৫ হাজার টাকা। গত ১১ নভেম্বর এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

টাকা পাঠানোর নিয়মে বড় পরিবর্তন করল RBI (Reserve Bank of India):

নতুন নিয়মে নগদ টাকা পাঠানোর ব্যবস্থাকে মূলত দু’টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হল ক্যাশ পে-আউট। এই ব্যবস্থায় প্রেরকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো যাবে এমন কোনও ব্যক্তির কাছে, যাঁর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তিনি এটিএম, বিজনেস করেসপন্ডেন্ট বা অনুমোদিত অন্য কোনও মাধ্যম থেকে টাকা তুলতে পারবেন। তবে একবারে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না। পাশাপাশি, একজন প্রাপক এক মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পেতে পারবেন (Reserve Bank of India)।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের আরও ৪ ডিগ্রি নামবে তাপমাত্রাও: আগামীকালের আবহাওয়া

দ্বিতীয় ব্যবস্থাটি হল ক্যাশ পে-ইন। এক্ষেত্রে নগদ টাকা জমা দিয়ে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানো যায়। ব্যাঙ্কের শাখায় গিয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা নগদ জমা করে NEFT-এর মাধ্যমে টাকা পাঠানো যাবে। তবে বিজনেস করেসপন্ডেন্ট, এটিএম বা অনুমোদিত অন্য মাধ্যম ব্যবহার করলে একবারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাঠানো যাবে। একজন প্রেরকের ক্ষেত্রে মাসিক লেনদেনের সীমা ধার্য হয়েছে ২৫ হাজার টাকা।

শুধু টাকার অঙ্কের সীমা নির্ধারণই নয়, নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে RBI। নতুন নির্দেশিকা অনুযায়ী, নগদ জমা দিয়ে টাকা পাঠানোর আগে গ্রাহকের পরিচয় যাচাই বাধ্যতামূলক। এর জন্য যাচাই করা মোবাইল নম্বর এবং বৈধ পরিচয়পত্রের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পাশাপাশি, প্রতিটি লেনদেনের আগে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থাও রাখতে হবে। IMPS বা NEFT-এর মাধ্যমে টাকা পাঠানোর সময় প্রেরকের পরিচয় সংক্রান্ত তথ্য লেনদেনের বার্তার সঙ্গে যুক্ত করতে হবে। কোনও অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে তা খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারের ঘটনায় CBI তদন্ত হোক! হাইকোর্টে বিধায়ক শামিম আহমেদ

মূলত ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ কম পাওয়া মানুষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে টাকা পাঠানোর সুযোগ বজায় রাখাই এর অন্যতম উদ্দেশ্য। নতুন নিয়ম বাণিজ্যিক ব্যাঙ্ক, গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক এবং অনুমোদিত পেমেন্ট সংস্থাগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরিষেবার জন্য সংস্থাগুলি যুক্তিসঙ্গত চার্জ নিতে পারবে। তবে কার্ড থেকে কার্ডে টাকা পাঠানোর ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না (Reserve Bank of India)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker