প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের বাইশ গজে স্বপ্ন দেখার বয়স ছিল তাঁর। পরিশ্রম করে জায়গা করে নিয়েছিলেন বিসিসিআইয়ের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলে। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। কিন্তু মাত্র ১৭ বছর বয়সেই থেমে গেল নন্দিনীর জীবনের ইনিংস। তেলঙ্গানার বিকারাবাদে ঠাকুমার বাড়ি থেকে উদ্ধার হল তার দেহ। পরিবারের অভিযোগ, প্রেমের নামে দুই যুবকের লাগাতার হেনস্থার জেরেই এমন মর্মান্তিক পরিণতি হয়েছে তরুণী ক্রিকেটারের।
তেলঙ্গানার সঙ্গাইপল্লি গ্রামের বাসিন্দা নন্দিনী নানাভাথ। পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রশিক্ষণ নিতে বিকারাবাদের মধু কলোনিতে ঠাকুমার বাড়িতে থাকতেন তিনি। সম্প্রতি বিসিসিআইয়ের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলে নির্বাচিত হয়েছিলেন নন্দিনী। তাঁর এই সাফল্যে খুশি ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার ক্রীড়াপ্রেমীরাও। কিন্তু বৃহস্পতিবার ঠাকুমার বাড়িতেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের দাবি, অনিল ও কৃষ্ণ নামে দুই যুবক বেশ কিছুদিন ধরে নন্দিনীকে বিরক্ত করছিলেন। তাদের অভিযোগ, অনিল প্রেমের প্রস্তাবের নামে নন্দিনীকে অনুসরণ করে হেনস্থা করতেন। আর এই কাজে তাঁকে সাহায্য করতেন কৃষ্ণ। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
আরও পড়ুন: এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর
ঘটনার পর নন্দিনীর পরিবারের সদস্য ও আত্মীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। অভিযুক্ত দুই যুবকের দ্রুত গ্রেফতারি এবং কঠোর শাস্তির দাবিও তোলেন তাঁরা। নন্দিনীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে সন্দেহজনক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তরুণীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। অনলাইনে কেউ তাঁকে হেনস্থা করেছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আপাতত পরিবারের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
The post প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



