0%

প্রথম ওভারেই ধস, হেনরির আগুনে পুড়ল ভারত, ২৩ বছর বাদে লজ্জার রেকর্ড রোহিত-বিরাটদের

উইল ইয়ংয়ের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ড থামে ৩৩৩ রানে। জবাবে ব্যাট করতে নামল ভারত। এই ম্যাচে শুভমান গিল নেই। টেস্ট শিবিরে যোগ দিতে ওয়ানডে দল ছেড়েছেন। সেই কারণে রোহিত শর্মার সঙ্গী রুতুরাজ গায়কোয়াড়। ‘রো-কো’র ব্যাটিং রসিয়ে উপভোগ করবেন বলে যাঁরা টেলিভিশন বা মোবাইল স্কিনে চোখ রাখলেন, তাঁরা চূড়ান্ত নিরাশ হলেন। কারণ কিছু বুঝে ওঠার আগে টিম ইন্ডিয়ার ইনিংসে হুড়মুড়িয়ে ধস নামল। একেবারে প্রথম ওভারেই। নেপথ্যে ম্যাট হেনরি। তাঁর আগুনে পেসে প্রথম বলে রোহিত শর্মা আউট। একই ওভারে ফিরে গেলেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও। হেনরির মনে পড়াল চামিণ্ডা ভাস এবং ইরফান পাঠানকে।

নিউজিল্যান্ড বরাবরই পেসারদের স্বর্গরাজ্য। এখানকার উইকেট জোরে বোলারদের বন্ধু। নতুন বল হাতে শুরু করলেন হেনরি। প্রথম বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন তিনি। অফ স্টাম্পের বাইরে থেকে বলটি আচমকাই ভিতরের দিকে ঢুকে আসে। সামলাতে না পেরে ব্যাটের উপরে বল লাগান হিটম্যান। স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিতে ভুল করেননি অ্যালেন। শুরুতেই ধাক্কা খায় ভারত। পরের বলও ছিল অনবদ্য। বিরাট কোহলির ব্যাটের কান ঘেঁষে বেরিয়ে যায় হেনরির দুর্দান্ত ডেলিভারি। কোনও রকমে বেঁচে যান কোহলি। তৃতীয় বলে স্টাম্প লক্ষ্য করে আসা বল শর্ট মিডউইকেটে পুশ করেন। চতুর্থ বলেও সতর্ক ছিলেন।

কিন্তু পরের বলেই সব শেষ! হেনরির বল ভিতরের দিকে ঢুকে কিছুটা নিচু হয়ে যায়। কোহলি ব্যাট লাইনে ছিল না। বল সোজা গিয়ে লাগে স্টাম্পে। পরপর ফিরে যান রোহিত ও কোহলি। এখানেই শেষ নয়। ওভারের শেষ বলে শ্রেয়স আইয়ারকে এলবিডব্লিউ করেন হেনরি। তাঁর ইনসুইং গিয়ে লাগে ভারত অধিনায়কের পিছনের প্যাডে। জোরালো আবেদন করেন হেনরি-সহ কিউয়ি ক্রিকেটারেরা। আম্পায়ার কুমারা ধর্মসেনা প্রথমে আউট দেননি। রিভিউ নেওয়ার পর দেখা যায়, ব্যাটে বল লাগেনি। এবং বল আঘাত করছে উইকেটে। অর্থাৎ ‘আম্পায়ার্স কল’ বদলাতে বাধ্য হন শ্রীলঙ্কান আম্পায়ার। ফিরে যেতে হয় শ্রেয়সকে।

এক ওভারে তিন উইকেট নিয়ে ভারতকে কার্যত দিশাহারা করে দেন হেনরি। ক্রিকেট ইতিহাসে প্রথম ওভারে ৩ উইকেট নেওয়ার ঘটনা কি আগে ঘটেছে? উত্তর হল, হ্যাঁ। ক্রিকেট ইতিহাসে প্রথম ওভারে তিন বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে দু’বার। আর ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে দু’বার এমন ঘটনা ঘটল। ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার চামিণ্ডা ভাস। যদিও সেটা হ্যাটট্রিক ছিল। হ্যাটট্রিক-সহ তিনি নিয়েছিলেন ৪ উইকেট। টেস্ট ক্রিকেটে ২০০৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে প্রথম ওভারের প্রথম তিন বলে উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন ভারতের ইরফান পাঠান। এবার প্রথম ওভারেই ভারতের ব্যাটিংকে কার্যত তছনছ করে দেওয়ার নজির গড়লেন ম্যাট হেনরি। প্রথম কিউয়ি বোলার হিসাবে প্রথম ওভারে ৩ উইকেট নিলেন তিনি।

২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি। দক্ষিণ আফ্রিকার পিটারমারিৎসবার্গের সিটি ওভালে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেছিলেন চামিণ্ডা ভাস। প্রথম বলে হান্নান সরকার। দ্বিতীয় বলে মহম্মদ আশরাফুল এবং তৃতীয় বলে এহসানুল হককে ফিরিয়েছিলেন তিনি। সেই ওভারেই আরও একটি উইকেট নিয়ে চার শিকার করেন ভাস। ম্যাচে তাঁর বোলিং পরিসংখ্যান ছিল ২৫ রানে ৬ উইকেট। বাংলাদেশ ১২৪ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কা ১০ উইকেটে ম্যাচ জেতে।

টেস্ট ক্রিকেটেও রয়েছে এমনই এক কীর্তি। ২০০৬ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেছিলেন ইরফান পাঠান। তিনিই টেস্টের ইতিহাসে প্রথম ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক করা প্রথম বোলার। বাঁহাতি ভারতীয় বোলার ফিরিয়েছিলেন সলমন বাট, ইউনিস খান এবং মহম্মদ ইউনিসকে। হেনরি অবশ্য প্রথম ওভারে হ্যাটট্রিক করেননি। কিন্তু প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে যে ধাক্কা দিলেন, তাতে পুরনো স্মৃতি ফিরে এল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker