0%

সৌদি আরবের বিমানবন্দর ও তেল পাইপলাইনে ফের হুথি হামলার দাবি, একাধিক সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র বর্ষণ

সানা, ১৪ নভেম্বর : সৌদি আরবের কৌশলগত পরিকাঠামোয় ফের আঘাত হানার দাবি করল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন লক্ষ্য করে একযোগে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। পাশাপাশি সৌদি আরবের দক্ষিণাঞ্চল এবং ইয়েমেনের একাধিক এলাকায় সৌদি-ঘনিষ্ঠ সামরিক অবস্থানগুলিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি নেতৃত্ব। নতুন এই হামলার দাবি ঘিরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে।

হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন পাঠানো হয়েছিল। অন্য দুটি ড্রোন আঘাত হানে রাজধানীর পূর্বদিকে অবস্থিত ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের পাম্পিং স্টেশন নম্বর ৩-এ। তাঁর দাবি, নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ড্রোনগুলি এবং দু’টি অভিযানই উদ্দেশ্য পূরণ করেছে।

এখানেই শেষ নয়। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশের আল-তুওয়াল এলাকায় সৌদি বাহিনীর সমাবেশ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন সারিয়া। তাঁর দাবি, ওই হামলায় সুদানের নাগরিক-সহ বহু সেনা নিহত ও আহত হয়েছেন।

উত্তর ইয়েমেনের আল-জওফ প্রদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণের লাহিজ প্রদেশের খারাজ ও খোর উমাইরা এলাকাতেও সৌদি-ঘনিষ্ঠ বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথিরা। হামলায় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি গোষ্ঠীর সামরিক মুখপাত্রের।

অন্যদিকে, দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর এডেনের রাস আব্বাস সামরিক ঘাঁটিতে সৌদি বাহিনীর অস্ত্রভান্ডার লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুথি গোষ্ঠী। আল-মাসিরার প্রতিবেদনে এই হামলার কথা জানানো হয়েছে।

তবে হুথিদের এই সমস্ত দাবি, হতাহতের সংখ্যা এবং হামলায় হওয়া ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষের তরফেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে হামলার প্রকৃত পরিণতি সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

এমনিতেই ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুথি যোদ্ধা ও সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর আশপাশে লড়াই নতুন করে তীব্র হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এই প্রণালী। ফলে এই অঞ্চলে সামরিক সংঘাতের প্রভাব ইয়েমেনের সীমানা ছাড়িয়ে বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার উপরও পড়তে পারে।

সৌদি আরবের তেল পরিকাঠামো, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এর আগেও একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুথিরা। নতুন করে রিয়াধের বিমানবন্দর ও তেল পাইপলাইনে হামলার দাবি সেই সংঘাতেরই সাম্প্রতিকতম অধ্যায়।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষদিকে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চল দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। এর জেরে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। তারপর থেকে দীর্ঘস্থায়ী সংঘাত, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক বিপর্যয়ে বিধ্বস্ত ইয়েমেন। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সংঘাতের স্থায়ী রাজনৈতিক সমাধান অধরাই রয়ে গিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker