0%

মার্কিন বিমানবন্দরে পরিষেবা বিঘ্ন, যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি যাচাইয়ের পরামর্শ এয়ার ইন্ডিয়ার

 

 

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিজেদের ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি যাচাই করে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার পরামর্শ দিল এয়ার ইন্ডিয়া।

 

যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলিতে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এর জেরে দেশজুড়ে বিমান উড্ডয়নের উপর জারি করা নিষেধাজ্ঞা পরে প্রত্যাহার করে নেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তবে বিমান সংস্থাগুলি জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে এবং একাধিক উড়ান বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এয়ার ইন্ডিয়া এক্স-এ প্রকাশিত বিবৃতিতে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণের কাজে বিঘ্ন ঘটেছে। এর ফলে বিভিন্ন বিমানবন্দর থেকে উড়ান প্রভাবিত হয়েছে। পাশাপাশি আমেরিকা থেকে ভারতে এবং ভারত থেকে আমেরিকাগামী এয়ার ইন্ডিয়ার উড়ানেও এর প্রভাব পড়তে পারে।

 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সংস্থার সংশ্লিষ্ট দল। নতুন কোনও তথ্য পাওয়া গেলে যাত্রীদের জানানো হবে।

 

যোগাযোগ ব্যবস্থায় সমস্যার জেরেই মার্কিন বিমান পরিষেবায় এই বিঘ্ন ঘটে। তবে এফএএ-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সমস্যার নির্দিষ্ট কারণ জানানো হয়নি। পাশাপাশি বিমান সংস্থাগুলির সময়সূচি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

 

এর আগে এফএএ-র এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কমান্ড সেন্টার জানিয়েছিল, দেশের বিস্তীর্ণ এলাকায় বিমান উড্ডয়নের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যদিও উপকূলবর্তী কয়েকটি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আন্তর্জাতিক উড়ানের অনুমতি দেওয়া সম্ভব হয়েছিল।

 

আমেরিকান এয়ারলাইন্সও এক বিবৃতিতে জানিয়েছিল, কয়েকটি বিমানবন্দর থেকে কিছু উড়ান ছাড়ার অনুমতি মিলতে শুরু করেছে। তবে অধিকাংশ উড়ান তখনও বন্ধ ছিল। পরিস্থিতির কারণে আরও কিছু উড়ান বাতিল হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছিল সংস্থাটি। যাত্রীদের নিজেদের ফ্লাইটের অবস্থা যাচাই করার পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

 

এদিকে, মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, এফএএ-র যোগাযোগ ব্যবস্থায় সমস্যার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রাথমিকভাবে কোনও নাশকতামূলক হামলার ইঙ্গিত পাওয়া যায়নি বলেও তিনি জানান। তবে তাঁর এই প্রাথমিক মূল্যায়নে সাইবার হামলার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করা হয়নি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker