0%

ইন্টারভিউয়ের আগেই বড় ধাক্কা! গ্রুপ সি ও ডি-র তালিকা থেকে বাদ ১৬ অযোগ্য প্রার্থী

SOBDIK NEWS: এসএসসির (SSC) নতুন নিয়োগ প্রক্রিয়া ঘিরেও বিতর্ক। একদিকে নিয়োগে স্বচ্ছতা ফেরানোর চেষ্টা, অন্যদিকে সেই প্রক্রিয়ার মধ্যেই পুরনো বিতর্কিত নামের উপস্থিতি। শেষ পর্যন্ত ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের আগেই ১৬ জনকে সরিয়ে দিতে হল স্কুল সার্ভিস কমিশনকে। ফের নতুন করে এসএসসিতে নিয়োগের তালিকা প্রকাশিত করা হল।

নয়া তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)

কমিশনের হিসাব অনুযায়ী, গ্রুপ সি বিভাগ থেকে চারজন এবং গ্রুপ ডি থেকে ১২ জনকে বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাতিল হওয়া প্রার্থীর সংখ্যা ১৬। তাঁদের নাম বাদ দিয়েই সংশোধিত ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে এসএসসি। কেন এই প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা হল, তার ব্যাখ্যাও দিয়েছে কমিশন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই ১৬ জনের নাম ২০১৬ সালের এসএলএসটি নিয়োগে অযোগ্য হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তালিকায় আগে থেকেই ছিল। শুধু তাই নয়, সিবিআইয়ের তদন্তে তৈরি হওয়া ওএমআর শিটের নম্বর সংক্রান্ত অসঙ্গতির তালিকাতেও তাঁদের নামের উল্লেখ রয়েছে।

পুরনো নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের সময় যাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল, তাঁরাই নতুন নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নির্বাচিতদের তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন। এখানেই উঠছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরনো নিয়োগের বিতর্কিত তালিকায় নাম থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবেদন কীভাবে গ্রহণ করা হল? কমিশনের একাধিক স্তরের পরীক্ষানিরীক্ষা সত্ত্বেও এতদিন ধরে এই অসঙ্গতি নজরের বাইরে রয়ে গেল কীভাবে?

আরও পড়ুন : কলকাতা থেকে পুরী, তারকেশ্বর, শিলিগুড়ি! সরকারি ভলভো বাসের কোন রুটে কত ভাড়া জানুন

এছাড়াও, বাদ পড়া ১৬ জনই কি একমাত্র অযোগ্য প্রার্থী, নাকি এখনও যাচাইয়ের বাইরে রয়ে গিয়েছেন আরও কেউ? ইন্টারভিউ এবং পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় নথিপত্র পরীক্ষা করতে গিয়ে নতুন কোনও নাম সামনে আসবে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চাকরিপ্রার্থীদের কাছে নিয়োগের প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পুরনো দুর্নীতির সঙ্গে যুক্ত নাম নতুন করে নিয়োগের তালিকায় উঠে আসার ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। এখন দেখার, এসএসসি কীভাবে বাকি প্রার্থীদের যোগ্যতা যাচাই করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কী ব্যবস্থা গ্রহণ করে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker