কলকাতা পুরভোট নিয়ে জট কাটাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য

SOBDIK NEWS: কলকাতা পুরসভার নির্বাচন (Kolkata Municipal Election) ঘিরে আইনি টানাপোড়েন ক্রমশ বাড়ছে। ভোটের প্রস্তুতি শুরু করার আগেই ওয়ার্ডের সংখ্যা এবং সীমানা নির্ধারণ নিয়ে আদালতে পৌঁছেছে বিতর্ক। হাইকোর্টের নির্দেশে আপাতত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছে না। এবার সেই বাধা সরাতে সরাসরি সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আবেদন জানাল রাজ্য সরকার।
কলকাতা পুরভোট (Kolkata Municipal Election) জট কাটাতে সুপ্রিমকোর্টের দারস্থ
বিতর্কের সূত্রপাত কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি নিয়ে। আগে শহরে ওয়ার্ডের সংখ্যা ছিল ১৪৪। সেই সংখ্যা বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন এক আবেদনকারী। তাঁর বক্তব্য ছিল, এতগুলি নতুন ওয়ার্ড তৈরির পিছনে কী যুক্তি রয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। মামলাটি প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে ওঠে। তবে সেখানে নির্বাচনী প্রক্রিয়া বন্ধ রাখার কোনও নির্দেশ দেওয়া হয়নি। সেই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে মামলাকারী পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।
এরপর গত ৬ নভেম্বর মামলাটিতে অন্তর্বর্তী নির্দেশ দেয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চে মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। অর্থাৎ ২০৯টি ওয়ার্ডে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আপাতত আইনি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই নির্দেশের পরই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
আরও পড়ুন : ছুঁয়েও দেখেননি আমিষ, খেতেন শুধু ফল, ‘রাম’ হয়ে উঠতে কী কী করেছিলেন রণবীর?
তবে হাইকোর্টের রায় মেনে নিয়ে বসে থাকতে নারাজ রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে সরকার। একই সঙ্গে ১৩ নভেম্বরের পর কলকাতা পুরসভার বর্ধিত ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। এবার সেই অবস্থান মেনেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে নবান্ন।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিবের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। সেখানে রাজ্যের যুক্তি শোনার পর আদালত কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আগামী পুরনির্বাচনের সময়সূচিও। তাই সুপ্রিম কোর্টের শুনানি এই গোটা প্রক্রিয়ার পরবর্তী গতিপথ নির্ধারণ করতে পারে।



