0%

আলোয় সেজে উঠেছে চন্দননগর, প্রথমবার জগদ্ধাত্রী পুজোয় গেলে জেনে রাখুন রোডম্যাপ

আলোর রোশনাইয়ে সেজে উঠেছে ফরাসডাঙা। কালীপুজো কাটতে না কাটতেই চন্দননগরের আকাশে-বাতাসে এখন জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja 2026) আগমনী সুর। বিশালাকার প্রতিমা, মণ্ডপের তাক লাগানো কারুকার্য আর চোখধাঁধানো আলোকসজ্জা। আর ক’দিন পরই ভিড় জমাবেন পুজোপ্রেমীরা। আপনি কি প্রথমবার চন্দননগর যাওয়ার পরিকল্পনা করছেন? ভিড় এড়িয়ে কীভাবে ঘুরবেন, কেমন হবে রুট—সবটা জেনে নিয়ে তবেই পা বাড়ান।

ফাইল ছবি

কীভাবে পৌঁছবেন চন্দননগর?
কলকাতা থেকে চন্দননগর যাওয়ার সবচেয়ে সহজ ও আরামদায়ক মাধ্যম লোকাল ট্রেন। হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমান লোকাল ধরলেই পৌঁছে যাবেন সোজা চন্দননগর স্টেশনে। সময় লাগবে বড়জোর ৫০ মিনিট। কিংবা ১ ঘন্টা। পুজোর ক’দিন রাস্তায় গাড়ির ভিড় আর ট্রাফিক জ্যাম এড়াতে ট্রেনই সেরা বাছনি। জলপথে আসতে চাইলে ব্যারাকপুর বা জগদ্দল থেকে ফেরিতে গঙ্গা পার হয়েও পৌঁছনো যায়। গাড়িতে এলে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিকেল চারটের মধ্যে ঢুকে পড়া বুদ্ধিমানের কাজ হবে।

Immersion rally of Jagadhatri Puja in Chandannagar will take place on ekadashi
ফাইল ছবি

কখন বেরোবেন প্রতিমা দর্শনে?
চন্দননগরের মূল আকর্ষণ এখানকার জাদুকরি আলোকসজ্জা। তাই বেলা থাকতে শহরে পৌঁছে বিকেল থেকেই প্যান্ডেল হপিং শুরু করুন। সন্ধ্যা নামতেই আলোর রোশনাইয়ে পুরো শহর এক রূপকথার দেশ হয়ে ওঠে। মণ্ডপের পাশাপাশি চন্দননগরের বিখ্যাত আলোর কাজ মন কেড়ে নেবে। তবে প্রচুর হাঁটতে হবে, তাই পায়ে আরামদায়ক জুতো গলিয়ে নিতে ভুলবেন না যেন!

ভিড় এড়াতে কোন রাস্তা ধরে এগোবেন
মূল শহরে মানুষের ঢল নামবে সেটাই স্বাভাবিক। এই ভিড় এড়িয়ে শান্তিতে পুজো দেখতে চাইলে মানকুণ্ডু বা ভদ্রেশ্বর স্টেশন থেকে পরিক্রমা শুরু করুন। উলটো দিক থেকে জি.টি. রোড ধরে হেঁটে ধীরে ধীরে চন্দননগরের মূল শহরের দিকে এগোলে ভিড়ের ধাক্কা অনেকটাই কম লাগবে। সঙ্গে তালিকা বানিয়ে নিন, কারণ একদিনে সব পুজো দেখা অসম্ভব। তাই, পছন্দের পুজোগুলোর একটা তালিকা সঙ্গে রাখা ভালো।

ফাইল ছবি

যে পুজো না দেখলে মিস
চন্দননগরের ঐতিহ্যের আসল ছোঁয়া পেতে কয়েকটি নামী পুজো তালিকাভুক্ত করতেই হবে। এর মধ্যে রয়েছে আদি মা, মেজো মা, বড়বাজার, চারমন্দিরতলা এবং বাগবাজারের জগদ্ধাত্রী পুজো। প্রাচীন রীতি আর আধুনিক ভাবনার অপূর্ব মিশ্রণ দেখা মিলবে এই মণ্ডপগুলিতে। এই পুজোগুলির প্রতিমা, সাবেকিয়ানা, মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জার মধ্যে দিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবের প্রকৃত ঐতিহ্য ও বৈচিত্র্য অনুভব করা যায়। সঠিক পরিকল্পনা আর একটু গুছিয়ে ঘুরলে আলোর শহরের এই কটা দিন আপনার স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker