0%

ভাইফোঁটায় তুষারপাত সান্দাকফুতে, একাধিক স্থানে ব্যাপক শিলাবৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা

সিকিমের পর সান্দাকফু। তুষার চাদরে ঢাকল রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। বুধবার সকালে ভারী শিলাবৃষ্টি হয় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৩৬ মিটার উঁচুতে। বিকেলে শুরু হয় তুষারপাত। দার্জিলিংয়ের কার্শিয়াং, সেভক, খড়িবাড়ি, সিকিম ও ভুটানেও শিলাবৃষ্টি হয়। তার জেরে এক ধাক্কায় অনেকটা নেমে যায় তাপমাত্রা। হিমেল হাওয়ার দাপটে শীতের কাপন ধরে।

এদিকে শিলাবৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক, গাজলডোবা, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের মাঝেরডাবরি মুসলিম চর এলাকায় ধান ও চা বাগানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রচুর বাড়ির চাল ফুটো হয়েছে বলে খবর। বড়বড় পাথর পড়ে ফসলের মাঠ সাদা হয়েছে।

বুধবার সকাল থেকে দফায় দফায় শিলাবৃষ্টিতে দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট শ্বেতশুভ্র হতে শুরু করে। পর্যটকদের অনেকেই সেটা তুষারপাত বলে ভুল করেন। বিকেলে প্রত্যাশা পূরণ হয়। শিলাবৃষ্টির জেরে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। এরপর বিকেলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসতে শুরু হয় তুষারপাত। কমে বাতাসে অক্সিজেনের মাত্রা। এদিন দার্জিলিং, কালিম্পং শহর ও সংলগ্ন এলাকা মাঝারি বৃষ্টিতে ভিজেছে।

ভারী শিলাবৃষ্টি হয়েছে সিকিমের ইউকসম-সহ বিভিন্ন প্রান্তে।

কার্শিয়াংয়ে শিলাবৃষ্টি হয়েছে। দার্জিলিং পাহাড়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২.৫ মিলিমিটার। বৃষ্টির জেরে বিকেল ৪টায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকে পাহাড়ি জনপদ। এদিন পাহাড়ে নেপালি ভাষাভাষীদের মধ্যে ছিল ভাইটিকা উৎসব। বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে উৎসবের আমেজ অনেকটাই ফিকে হয়ে যায়। ভারী শিলাবৃষ্টি হয়েছে সিকিমের ইউকসম-সহ বিভিন্ন প্রান্তে। ডুয়ার্সের ভুটান সীমান্ত সংলগ্ন জয়গা এবং ভুটানের ফুন্টশলিংয়ে ভারী শিলাবৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব বিহারে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর জেরেই বুধবার, ভাইফোঁটার দিন উত্তরের পাহাড়-সমতলে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ-সহ উত্তরের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিলই। হালকা বৃষ্টির জেরে চিন সীমান্তের নাথু-লা পাস সংলগ্ন জওহরলাল নেহরু রোডে তুষারপাত শুরু হয়েছে। পুরো এলাকাটি সাদা বরফে ঢেকেছে। ঠান্ডা উপেক্ষা করেই পর্যটকরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের নেশায় মেতেছেন। তুষারপাতের খবর মিলেছে উত্তর সিকিমেও।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker