শিক্ষকদের বদলি নীতিতে বড় বদল! উঠতে পারে পছন্দের ৩ স্কুল বাছাইয়ের সুযোগ

কলকাতা: রাজ্যের শিক্ষক বদলি ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটতে পারে শিক্ষা দফতর। নতুন বদলি নীতি তৈরির বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর,…
কলকাতা: রাজ্যের শিক্ষক বদলি ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটতে পারে শিক্ষা দফতর। নতুন বদলি নীতি তৈরির বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, নতুন নিয়ম কার্যকর হলে বদলে যেতে পারে উৎসশ্রী পোর্টাল-সহ শিক্ষক বদলির একাধিক পুরনো বিধি। এমনকী পছন্দের তিনটি স্কুল বেছে নেওয়ার বর্তমান সুযোগও আর নাও থাকতে পারে।
এতদিন শিক্ষক বদলির ক্ষেত্রে ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ড এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধি অনুসরণ করা হত। এবার সেই নিয়মগুলিতে সংশোধন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। নতুন ব্যবস্থায় কোনও শিক্ষক কোথায় বদলি হবেন, তা নির্ধারণের ক্ষেত্রে স্কুলের শিক্ষক ও পড়ুয়ার সংখ্যার অনুপাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
শিক্ষা দফতরের লক্ষ্য, গ্রাম ও শহরের স্কুলগুলির মধ্যে শিক্ষক সংখ্যার ভারসাম্য তৈরি করা। কারণ, কোথাও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছেন, আবার কোথাও পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে। কোনও স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন কি না, কিংবা কোথাও মাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চলছে কি না, বদলির সিদ্ধান্ত নেওয়ার সময় এই বিষয়গুলি বিবেচনা করা হতে পারে।
এছাড়াও বদলির অনুমোদন দেওয়ার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে সরাসরি শিক্ষা দফতরের হাতে তুলে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ চিহ্নিত করার জন্য পৃথক নির্দেশিকা তথা SOP তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।
তবে নতুন নীতিতে বদলির আবেদন করার পর কতদিনের লক-ইন পিরিয়ড থাকবে, তা এখনও স্থির হয়নি। প্রস্তাবিত নিয়মগুলি কার্যকর করার আগে আইনি পরামর্শ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এরপর প্রয়োজনীয় অনুমোদন মিললে নতুন বদলি নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের মধ্যেই নতুন নির্দেশিকা জারি হতে পারে।
ফের আইনি জটিলতায় অভিষেক, এক মামলায় থানায় হাজিরা, অন্যটিতে নোটিস
আবাস যোজনায় ১২ হাজার অযোগ্য প্রাপককে টাকা ফেরতের নির্দেশ, ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু



