শিক্ষক বদলিতে এবার কড়াকড়ি! পছন্দের স্কুল নয়, কোন বিষয়কে গুরুত্ব দেবে শিক্ষা দফতর?

SOBDIK NEWS: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষক বদলির (Teacher transfer) পদ্ধতি ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা দফতর। দীর্ঘদিন ধরে বদলির ক্ষেত্রে যে নিয়ম অনুসরণ করা হচ্ছে, তার পরিবর্তে এবার প্রয়োজনভিত্তিক ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে। কোনও শিক্ষক নিজের পছন্দমতো কোন স্কুলে যাবেন, তার বদলে রাজ্যের কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট সবচেয়ে বেশি, সেটিই হয়ে উঠতে পারে বদলির মূল মাপকাঠি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষকদের দীর্ঘদিনের বদলি সংক্রান্ত সুযোগ-সুবিধায় বড়সড় পরিবর্তন আসতে পারে।
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক বদলিতে (Teacher transfer) বড় পরিবর্তন
প্রশাসনিক স্তরে নতুন নীতির খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যে বিভিন্ন সময়ে চালু হওয়া বদলির পৃথক ব্যবস্থাগুলিকে এক ছাতার তলায় এনে প্রয়োজনীয় সংশোধনের পরিকল্পনা রয়েছে। ২০১২ সালের পারস্পরিক বদলির নিয়ম, ২০১৫ সালে চালু হওয়া সাধারণ বদলি, বিশেষ কারণ দেখিয়ে বদলি এবং পুনর্বণ্টন সংক্রান্ত বিধি পর্যালোচনা করা হচ্ছে। ২০১৮ সালের বদলি সংক্রান্ত নির্দেশিকা এবং ২০২১ সালে শুরু হওয়া উৎসশ্রী ব্যবস্থাও এই পর্যালোচনার আওতায় আসতে পারে।
নতুন প্রস্তাব কার্যকর হলে বদলির আবেদনে শিক্ষকদের পছন্দের তিনটি স্কুলের নাম উল্লেখ করার প্রচলিত পদ্ধতি আর নাও থাকতে পারে। কোনও আবেদন বিবেচনা করার আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে। সেখানে মোট পড়ুয়ার সংখ্যা কত, কর্মরত শিক্ষকের সংখ্যা কত এবং বিষয়ভিত্তিক শিক্ষক প্রয়োজন রয়েছে কি না, সেসব তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন : সরকারি কর্মীদের বেতনের সঙ্গে জুড়তে পারে DA! কমিশনের কাছে বড় প্রস্তাব
যে স্কুলে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি, সেখান থেকে শিক্ষক অন্যত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। উল্টোদিকে, যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষক অপ্রতুল, সেগুলিতে নিয়োগ বা বদলির মাধ্যমে ঘাটতি পূরণের চেষ্টা হবে। বিশেষত একজন মাত্র শিক্ষক দিয়ে চলা স্কুলগুলির ক্ষেত্রে বাড়তি নজর দেওয়া হতে পারে।
শহরের কিছু স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক থাকলেও প্রত্যন্ত এলাকার একাধিক প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না। ফলে একই রাজ্যের স্কুলগুলির মধ্যে শিক্ষকসংখ্যার এই ফারাক কমানোই নতুন ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য। বর্তমানে এই প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা থাকলেও আগামী দিনে শিক্ষা দফতর নিজেই বদলির অনুমোদন দেওয়ার ক্ষমতা পেতে পারে। উল্লেখ্য, অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ চিহ্নিত করার জন্য পৃথক SOP তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন ব্যবস্থায় বদলির আগে কত বছর নির্দিষ্ট স্কুলে কাজ করতে হবে, সেই লক-ইন পিরিয়ডের মেয়াদ এখনও স্থির হয়নি।



