বেঙ্গালুরুতে পরিবারের সাত সদস্যকে খুনের পর ‘শান্তিতে আছি’ দাবি অভিযুক্তের

বেঙ্গালুরু, ১৪ নভেম্বর : বেঙ্গালুরুতে পরিবারের সাত সদস্যকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মূল অভিযুক্ত ইন্দুশেখর পুলিশকে জানিয়েছে, পরিবারের সাত সদস্যকে খুন করার পর সে এখন শান্তিতে রয়েছে। তার দাবি, স্ত্রী তাকে নিয়মিত অপমান করতেন এবং পরিবারের মধ্যে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আগে থেকেই পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এমনকী খুনের পর মৃতদেহগুলি বিভিন্ন জায়গায় সরিয়ে ফেলার পরিকল্পনাও করেছিল সে।
জিজ্ঞাসাবাদের সময় ইন্দুশেখর দাবি করে, স্ত্রীর পরিবারের সদস্যরা সবসময় স্ত্রীকে সমর্থন করতেন এবং তাকে অসম্মান করতেন। তার স্ত্রী প্রায়ই তাকে বকাঝকা করতেন বলেও অভিযোগ করে সে। পুলিশের কাছে অভিযুক্ত জানিয়েছে, ‘এখন আমি শান্তিতে আছি এবং সন্তুষ্ট।’
তদন্তে আরও জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডে অভিযুক্তের মেয়েরও কথিত ভূমিকা ছিল। বাবার পরিকল্পনা সম্পর্কে জানার পরও সে তাঁকে সাহায্য করেছিল বলে অভিযোগ। মায়ের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পর সে বাবাকে সহযোগিতা করতে রাজি হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের দাবি, মৃতদেহগুলি সরিয়ে ফেলতে বাবাকে সাহায্য করার পাশাপাশি বাড়িতে রক্তের দাগ মুছে ফেলার জন্য রাসায়নিক ও অন্যান্য সামগ্রীও সংগ্রহ করেছিল অভিযুক্তের মেয়ে। হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট করতে নির্দিষ্ট সময় অন্তর বাড়ি পরিষ্কার করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।
জানা গিয়েছে, মেয়েকে তার মা’য়ের সম্পত্তির অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত। পুলিশের অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদই এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কারণ। বেঙ্গালুরুর শ্রীপুরম এলাকায় প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল বলে জানা গিয়েছে।
অভিযোগ, শাশুড়ির কাছে সম্পত্তির বড় অংশ দাবি করেছিল ইন্দুশেখর। কিন্তু শাশুড়ি জানিয়েছিলেন, তার দুই ছেলে থাকায় অভিযুক্তকে আইনত প্রাপ্য অংশের বেশি দেওয়া সম্ভব নয়।
তদন্তে আরও জানা গিয়েছে, হত্যাকাণ্ডের পর মৃতদের আঙুলের ছাপ স্ট্যাম্প পেপারে সংগ্রহ করেছিল অভিযুক্ত। সম্পত্তি ও সংশ্লিষ্ট নথিপত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই সে এমনটা করেছিল বলে পুলিশের সন্দেহ।
অভিযুক্তের বিশ্বাস ছিল, এই হত্যাকাণ্ডের কথা কোনওদিন প্রকাশ্যে আসবে না এবং পুলিশও তাদের ধরতে পারবে না। মৃতদেহগুলি প্যাকেটবন্দি করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
প্রথমদিকে সাতজনকে খুন করার কথা ইন্দুশেখর স্বীকার করলেও পুলিশ তা বিশ্বাস করতে পারেনি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার পর তদন্তকারীরা হতবাক হয়ে যান।
উল্লেখ্য, ৫২ বছর বয়সি ক্যাবচালক ইন্দুশেখর ওরফে শেখরকে পরিবারের সাত সদস্যকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। অভিযোগ, ২০২৬ সালের ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে একে একে এই হত্যাকাণ্ডগুলি ঘটানো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপবতী, শ্যালক শিবকুমার ও শঙ্কর, তাঁদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং সাত বছরের নাতি পুনীত।
পুলিশের দাবি, ১৬ অক্টোবর প্রথমে স্ত্রী সুনীতাকে শিলনোড়া দিয়ে আঘাত করে খুন করে ইন্দুশেখর। পরে নন্দী হিলসের কাছে তাঁর দেহ ফেলে দেওয়া হয়। পরবর্তী দুই সপ্তাহে বিভিন্ন অজুহাতে পরিবারের অন্য সদস্যদের নিজের বাড়িতে ডেকে এনে একে একে খুন করে বলে অভিযোগ। কখনও মদ্যপানের আসর বসানোর কথা বলে, আবার কখনও পরিবারের অন্য সদস্যরা বাইরে বেড়াতে গিয়েছেন বলে তাঁদের ডেকে পাঠানো হয়েছিল।



