0%

সবার জার্সি নম্বর ৭, রোনাল্ডোকে সম্মান জানানোর ম্যাচে ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের

ডেনমার্ক: ৪ (রাসমুস হইলুন্দ ২, পিয়েরে-এমিল হইবার্গ, জোয়াকিম অ্যান্ডারসেন)
পর্তুগাল: ১ (ব্রুনো ফার্নান্ডেজ)

পর্তুগালের জার্সিতে ১১ জন ফুটবলার। প্রত্যেকেরই জার্সি নম্বর সাত। হ্যাঁ, সেই সাত নম্বর জার্সি, যে জার্সির সঙ্গে জড়িয়ে ২৩ বছরের বেশি সময়ের ইতিহাস। পর্তুগালের ফুটবল মানচিত্রে ৭ নম্বর জার্সি মানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল ও ম্যাচ খেলার নজির গড়ে বুটজোড়া তুলে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি। দেশের জার্সিতে তাঁর সেই অবদানের স্বীকৃতি জানাতে শনিবার রাতে অভিনব উদ্যোগ নিয়েছিল পর্তুগাল ফুটবল সংস্থা। কিন্তু নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তিকে সম্মান জানানোর ম্যাচটাই নিজেদের সেরাটাই দিতে পারলেন না পর্তুগাল ফুটবলাররা। নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের সাক্ষী থাকতে হল তাঁদের।

চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ক্রিশ্চিয়ানো। তাই আগে থেকেই ঠিক ছিল তাঁকে সম্মান জানাতে পর্তুগাল দলের প্রত্যেক ফুটবলার পরবেন তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি। সেই মতো ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভারা নামলেন ৭ নম্বর জার্সি পরেই। শুধু মাঠে নয়, গ্যালারিতেও ধ্বনিত হল রোনাল্ডোর জয়ধ্বনি। ম্যাচের সপ্তম মিনিটে দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে সম্মান জানালেন হাজার হাজার দর্শক। সেই সঙ্গে মাঠে এল রোনাল্ডোর কেরিয়ারকে সম্মান জানানো বিশেষ টিফো।

সবই হল, আয়োজন, সম্মান, কিন্তু ফুটবল। সেটা আরেকটু ভালো হলে বোধহয় নিজেদের কিংবদন্তিকে আরেকটু ভালোভাবে সম্মান জানানো যেত। ডেনমার্কের বিরুদ্ধে রোনাল্ডোহীন পর্তুগাল হজম করলে ৪ গোল! প্রথমার্ধের ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন অধিনায়ক পিয়েরে-এমিল হইবার্গ। রুবেন দিয়াজের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল ডেনমার্ক। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ড্যানিশদের পায়ে। ৫০ মিনিটে দারুণ দলীয় আক্রমণ থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হইলুন্দ। সাত মিনিট পর দ্বিতীয় গোল পান তিনি। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। শেষবেলায় গোল করে কোনওরকমে স্কোরবোর্ডে নিজেদের নাম তোলেন ব্রুনো ফার্নান্ডেজ।

পর্তুগাল যখন একের পর এক গোল হজম করছে তখন যেন গ্যালারি থেকে আরও বেশি বেশি করে রোনাল্ডোর নামে জয়ধ্বনি দিচ্ছিলেন সমর্থকরা। আসলে ঘুরিয়ে তাঁরা কোচ জেসুসকে বার্তা দিচ্ছিলেন, রোনাল্ডোর সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি তিনি পাচ্ছেন। সমর্থকরা রাগবেন নাই বা কেন, পর্তুগালের ১৫০ বছরের ফুটবলের ইতিহাসে ঘরের মাঠে এটাই সবচেয়ে বড় হার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker