0%

এম্পায়ার বিল্ডিংয়ে প্রেমের কাহিনি! আমেরিকা থেকে ‘ঘাড়ধাক্কা’র পথে রাশিয়া যুগল

আকাশচুম্বী অট্টালিকার চূড়ায় উঠে উড়িয়েছিলেন শান্তি আর প্রেমের নিশান। ঝুঁকি কম ছিল না তাতে। সুউচ্চ টাওয়ারে বিপজ্জনক অবস্থা থেকে পড়ে যাওয়ার ঝুঁকি তো বটেই, সেইসঙ্গে নিয়মভঙ্গের দায়ে রাষ্ট্রের রক্তচক্ষু ও কড়া শাস্তির মুখে পড়ার আশঙ্কাও ছিল। তবে যৌবনের সহজাত উচ্ছ্বলতায় রাশিয়ার ইভান ও অ্যাঞ্জেলা সেসব হেলায় উপেক্ষা করে রচনা করেছিলেন প্রেমের অন্য ও অনন্য কাহিনি। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে সেরেছিলেন বাগদান। সে এক অপরাধই বটে! আইনি জটে পড়ে এবার আমেরিকা থেকে ঘাড়ধাক্কা খেতে পারে রাশিয়ার যুগল। আদালত থেকে এই ইঙ্গিত পেয়ে হাউহাউ করে কাঁদলেন ইভান বিয়ারকুস।

ঘটনা জুলাই মাসের। রাশিয়ার মস্কোর ইভান বিয়ারকুস এবং অ্যাঞ্জেলা নিকোলাউয়ের কাণ্ডে গোটা নিউ ইয়র্ক শহর একেবারে স্থানুবৎ হয়ে গিয়েছিল। ওই দিন কালো রঙের পেশাক পরে তাঁরা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় ওঠা শুরু করেন। ১ হাজার ৪৫৪ ফুটের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় পৌঁছে পতাকা উড়িয়ে ভালোবাসার বার্তা দেন ইভান-অ্যাঞ্জেলা। তাতে লেখা ছিল, ‘যখন ক্ষমতা ভালোবাসার কাছে পরাস্ত হয়, তখনই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়।’ প্রায় ১০মিনিট তাঁরা ওই সেখানে ছিলেন। একে অপরকে চুম্বন করে আংটি বদল করে বাগদান সারেন। এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়।

প্রেমের জগতে অনন্যতার ছাপ রাখলেও ইভান-অ্যাঞ্জেলার এই পরিকল্পনার পরিণতি ভালো হয়নি। এম্পায়ার বিল্ডিং থেকে নামামাত্র তাঁদের পুলিশ গ্রেপ্তার করে। আইনভঙ্গের দায়ে মামলা হয় তাঁদের বিরুদ্ধে। এরপর ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির এজলাসে শুনানিতে তাঁরা বলেন, ‘‘আমরা কোনও সম্পত্তি বা ব্যক্তির ক্ষতি করিনি। কাউকে বিপদে ফেলিনি। শুধু ভালোবাসার বার্তা দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম, এই অন্ধকার সময় এমন কিছু করতে, যাতে মানুষের মনে জায়গা করে নিতে পারি।” তাঁদের আইনজীবী নোয়ার বিয়াল জানান, ‘‘যদি দুজনকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ইভানকে ইউক্রেন যুদ্ধে পাঠাবে এবং অ্যাঞ্জেলাকে জেলে ঢোকানো হবে। এটাই ওদের ভবিষ্যত।” দুঃসাহসিকতার মূল্য কি এভাবেই চোকাতে হবে রুশ যুগলকে?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker