৩০ বছর পর লজ্জা! মেসিহীন প্রথম ম্যাচেই হার আর্জেন্টিনার, ‘ধৈর্য ধরতে হবে’, বলছেন স্কালোনি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এলএম১০। মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনা (Argentina) কেমন হয়, তা দেখার জন্য উদগ্রীব ফুটবলপ্রেমীরা। তবে ‘নতুন যুগে’র শুরুটা ভালো হল না। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের (Uruguay) কাছে ১-২ গোলে হারতে হল লিওনেল স্কালোনির দলকে। সমস্ত বিভাগেই আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের। কিন্তু ভূরি ভূরি গোল মিসের খেসারত দিতে হল তাদের। আত্মঘাতী গোলের ধাক্কা সামলে হুলিয়ান আলভারেজ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়ানো যায়নি।
গত মাসে বেনিনের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন লিওলেন মেসি। ২০৭ ম্যাচের বর্ণময় কেরিয়ারের অবসানের পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। অধিনায়কের অনুপস্থিতিতে উরুগুয়ের কাছে হার মানল স্কালোনির দল। বলা ভালো, উরুগুয়ের জমাট রক্ষণের ফাঁক খুঁজে পাননি এনজো ফার্নান্ডেজরা। তেকাঠির সীমানায় গিয়ে বারবার আটকে গিয়েছেন তাঁরা। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে আর্জেন্টিনা। প্রথমার্ধে নিকো পাজের সৌজন্যে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়েরমারিনের দুরন্ত পারফরম্যান্সে গোলমুখ খুলতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই মাঠ ছাড়তে হয় দু’দলকে।
#SelecciónMayor 🗓 Amistoso Internacional ⚽️ #Argentina 🇦🇷 1 (Julián Álvarez) 🆚 Uruguay 🇺🇾 2 (Balerdi e/c y Maximiliano Araújo) ⏱️ Final del partido 📍 La Bombonera https://t.co/0M4b8ULXie
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) November 14, 2026
বিরতির পরেই ছবিটা বদলে যায়। ৪৮ মিনিটে জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রিকিক থেকে বিপত্তি! বল ক্লিয়ার করতে গিয়ে লিসান্দ্রো মার্টিনেজের হেড লিওনার্দো বালের্দির গায়ে লেগে গোল হজম করতে হয়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান তারা। দে আরাসকায়েতার কর্নার থেকে ম্যাক্সি আরাউহোর গায়ে লেগে বল জড়িয়ে যায় আর্জেন্টিনার জালে। হাল ছাড়েননি নিকো পাজরা। ৭৮ মিনিটে আলভারেজের গোলে ব্যবধান কমে। শেষ দিকে সমতা ফেরানোর সুযোগও পেয়েছিলেন তিনি। গোল আসেনি। ফলে দীর্ঘদিন পর ঘরের মাঠে প্রীতি ম্যাচে হারের মুখ দেখতে হল বিশ্বচ্যাম্পিয়নদের।
যদিও হার নিয়ে মাথা ঘামাচ্ছেন না আর্জেন্টিনা হেডকোচ। এই হারের পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, মেসিহীন আর্জেন্টিনার ভবিষ্যৎ কী? প্রায় ৩০ বছর পর ঘরের মাঠে প্রীতি ম্যাচে হারল ‘লা আলবিসেলেস্তে’। তার উপর টানা ৩০টি প্রীতি ম্যাচে অপরাজিত থাকার ধারায় ছেদ। এই পরিস্থিতিতে ফল নিয়ে উদ্বিগ্ন না হয়ে নতুন দলকে সময় দেওয়ার পক্ষপাতী স্কালোনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানো আর্জেন্টিনার কোচ বলেছেন, “ধৈর্য ধরতে হবে। ছেলেরা তরুণ। ওরা দলের জন্য নিজেদের সমস্তটুকু উজাড় করে দেবে। দলকে ওরা কাঁধে তুলে নেবে, এমন প্রত্যাশা এখনই করা যায় না। কাজটা কঠিন ছিল। বিশেষ করে প্রতিপক্ষ যখন এত ভালো দল।”
😳🇦🇷🇺🇾 URUGUAY LE GANA 2-0 A ARGENTINA CON GOL DE CABEZA DE MAXI ARAÚJO. 📝Nota completa en 👇 🌐https://t.co/dTRATzzClc #laplumaviral #afa #notícias #argentina🇦🇷 #uruguay🇺🇾#fecha #fifa #titulares #ᴠɪʀᴀʟᴘᴏst #partido https://t.co/9PTvUGUuxM
— laplumaviral (@laplumaviral) November 14, 2026
উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ সাক্ষাতেও হেরেছিল আর্জেন্টিনা। এবারও হার স্বীকার করতে হল তাদের। ২০১৯ সালের ২২ মার্চ ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে হারের পর এই প্রথম এমন ধাক্কা খেল আর্জেন্টিনা। আর ঘরের মাঠে ৩০ বছর পর প্রীতি ম্যাচে হারতে হল স্কালোনি ব্রিগেডকে। ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বর মার দেল প্লাতায় যুগোস্লাভিয়ার কাছে হেরেছিল তারা। মেসির বিদায়ের পর তাই নতুন বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষায় অভ্যস্ত হতে হবে ‘নতুন’ আর্জেন্টিনাকে।
শেয়ার
লিংক



