0%

বাস-ভেসেলের ঝক্কি শেষ! গঙ্গাসাগরে চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা, জানুন খরচ

SOBDIK NEWS: গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) এবার যাতায়াতের ক্ষেত্রে একেবারে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। পুণ্যার্থীদের আর শুধু বাস, গাড়ি কিংবা ভেসেলের উপর নির্ভর করে সাগরে পৌঁছতে হবে না। ইচ্ছা থাকলে আকাশপথেও পৌঁছে যাওয়া যাবে তীর্থক্ষেত্রে। প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য হেলিকপ্টার পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এবার হেলিকপ্টারে করেই পৌঁছে যাবেন গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela)

শনিবার গঙ্গাসাগরে গিয়ে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে মেলার পরিবহণ ব্যবস্থা থেকে শুরু করে পুণ্যার্থীদের সুবিধা—সব বিষয়েই আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্যসচিব জানান, এবার মেলার জন্য আট থেকে দশটি হেলিকপ্টার ভাড়া নেওয়ার পরিকল্পনা রয়েছে। যাঁরা এই পরিষেবা ব্যবহার করতে চান, তাঁদের জন্য আসনভিত্তিক টিকিট বুকিংয়ের ব্যবস্থা থাকবে।

এই পরিষেবা চালু হলে সকালে সাগরে পৌঁছে পুজো দিয়ে দিনের মধ্যেই ফিরে আসা সম্ভব হবে। বিশেষত বয়স্ক মানুষ, দূরবর্তী এলাকার বাসিন্দা কিংবা যাঁদের হাতে ছুটি নেওয়ার সুযোগ কম, তাঁদের জন্য এটি সুবিধাজনক বিকল্প হতে পারে। প্রশাসনের তরফে এই পরিষেবা নিয়ে প্রচার চালানোরও পরিকল্পনা রয়েছে। এতদিন হেলিকপ্টার মূলত প্রশাসনিক কাজ এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগী পরিবহণের জন্য ব্যবহার করা হত। এবার সেই ব্যবস্থার পরিধি বাড়িয়ে সাধারণ তীর্থযাত্রীদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। যদিও হেলিকপ্টারে যাতায়াতের জন্য কত টাকা দিতে হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

আরও পড়ুন :ভোটারদের জন্য বড় স্বস্তি! নাম বাদ গেলেও ফের তোলার সুযোগ, জানাল কমিশন

এবারের সাগরমেলাকে ঘিরে রাজ্য সরকারের লক্ষ্য শুধু যাত্রী পরিবহণ বাড়ানো নয়, গোটা আয়োজনের মান আরও উন্নত করা। প্রশাসনিক মহলের পরিকল্পনা, মেলায় আসা মানুষের কাছে এমন পরিষেবা পৌঁছে দেওয়া, যাতে ভিড়ের মধ্যেও তাঁদের ভোগান্তি কম হয়। সবচেয়ে বড় চাপ তৈরি হয় মুড়িগঙ্গা নদী পারাপারের সময়। অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে নদী পার করাতে গিয়ে অনেক সময় দীর্ঘ অপেক্ষা করতে হয়। এবার সেই পরিস্থিতি এড়াতে বার্জের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর চিন্তাভাবনা চলছে। মুখ্যসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, আগের বছরগুলিতে সাধারণত চার-পাঁচটি বার্জ চলত। এবার প্রয়োজন অনুযায়ী ১৫ থেকে ২০টি বার্জ নামানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে যাত্রী পারাপারের ক্ষমতা বাড়বে এবং ভিড়ের চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন।

মুড়িগঙ্গায় ড্রেজিংয়ের ফলে যে নৌ-চ্যানেল তৈরি হয়েছে, সেটি যাতে অল্প সময়ের মধ্যে আবার পলি জমে অচল না হয়ে পড়ে, তার দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। লট নম্বর ৮-এ যাত্রীদের অপেক্ষা করার জন্য অতিরিক্ত শেড তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অন্যদিকে, সড়কপথে নিরাপত্তা বাড়াতে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে আরও আলো বসানো হবে। প্রশাসনের এই প্রস্তুতি থেকে স্পষ্ট, এবারের গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা মাথায় রেখেই আগাম ব্যবস্থা সাজানো হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker