অশ্লীল অঙ্গভঙ্গি, মাত্রাতিরিক্ত উচ্ছ্বাস, পাকিস্তানকে হারিয়েও বিতর্কে অনূর্ধ্ব-১৯ দল, কী বলছে বিসিসিআই?

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর টিম ইন্ডিয়ার সেলিব্রেশন নিয়ে যতই বিতর্ক হোক, বিসিসিআই ভারতীয় দলের পাশেই রয়েছে। খোদ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, “রুদ্ধশ্বাস ওই ম্যাচে জয়ের পর যেটুকু সেলিব্রেশন ভারতীয় দল করেছে, সেটা ওদের প্রাপ্য। এটুকু করতেই পারে।”
আসলে শনিবার ওমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একপ্রকার অসম্ভবকে সম্ভব করে জিতেছে। ৩৩৮ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের রান ছিল ৮ উইকেট হারিয়ে ২৫২ রান। ৫১ বলে দরকার ছিল ৮৬। ম্যাচ জেতা অসম্ভব মনে হচ্ছিল। সেখান থেকে রুদ্ধশ্বাস কামব্যাক। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। হাতে মাত্র এক উইকেট। শেষ বলে দরকার তিন রান। আহমেদ হুসেনের বল সপাটে লংঅফে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় মোহিত। এক উইকেটে ম্যাচ জেতে ভারত।
স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে থাকা অবস্থা থেকে কামব্যাক করে ওই জয়ের পর আনন্দও কিছুটা বাঁধন হারা হয়েছে। আবেগ সামলাতে পারেনি মোহিতরা। ‘চিরশত্রু’ পাক ড্রেসিংরুমের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করে বসেছেন কেউ কেউ। পাক ক্রিকেটারদের সামনে গিয়েও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে অনেককে। সেসব ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই টিম ইন্ডিয়ার ওই সেলিব্রেশনের সমালোচনা করছেন।
তবে বিসিসিআই সচিব ক্রিকেটারদের পাশে। দেবজিৎ সাইকিয়া বলছেন, “যখন এত কঠিন পরিস্থিতিতে তুমি ম্যাচ জেতো, আনন্দ তো হবেই। এটাই ওদের লড়াই করার মানসিকতা এবং দৃঢ়তার পরিচয়। একটা সময় সত্যিই মনে হচ্ছিল ভারত আর জিততে পারবে না। সেখান থেকে আমরা জিতে এসেছি। এটাই দলের হার না মানা মানসিকতার পরিচয়।” সাইকিয়া বলছেন, “এত কঠিন পরিস্থিতি থেকে যখন তুমি ম্যাচ জেতো, একটু সেলিব্রেশন তো তোমার প্রাপ্য। সেটা ওদের করতে দিন।” বোর্ড সচিবের বক্তব্যেই স্পষ্ট, যা-ই বিতর্ক হোক, বোর্ড টিম ইন্ডিয়ার পাশে রয়েছে।
শেয়ার
লিংক



