বাড়ছে মাস্ক-সহ শিল্পপতিদের ‘চাপ’, এনভিডিয়ায় প্রত্যাবর্তন পরকীয়া-কাঁটায় বিদ্ধ জেনসেনের?

একাধিক পরকীয়া ফাঁস হওয়ায় রাতারাতি পদ গিয়েছে। কিন্তু তাই বলে কর্মদক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে না। বিশ্বের তাবড় শিল্পপতিদের এই যুক্তিতেই ফের এনভিডিয়ায় ফেরার রাস্তা প্রশস্ত হচ্ছে সদ্যপ্রাক্তন সিইও জেনসেন হুয়াংয়ের। তাঁকে ফেরানোর দাবি ক্রমশ জোরাল হচ্ছে। জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন কি সময়ের অপেক্ষা? এটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে, এলন মাস্ক-সহ একাধিক বিশ্ববিখ্যাত শিল্পপতির দাবি, হুয়াংয়ের নেতৃত্বে শীর্ষে পৌঁছেছিল এনভিডিয়া। তাই তাঁকে এভাবে বরখাস্ত করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। সংস্থার সাফল্য ধরে রাখতে হুয়াং অপরিহার্য বলে মত তাঁদের। এদিকে, সংস্থার অন্দরের কর্মীরাও ‘বস’ জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ক্রমশ সুর চড়াচ্ছেন।
গত সপ্তাহভর আলোচনায় ছিলেন জেনসেন হুয়াং। চিনা ‘চর’-সহ অন্তত তিনজনের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ায় নিজেই এনভিডিয়ার সিইও পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হুয়াং। নতুন সিইও হওয়ার দৌড়ে নাম উঠেছিল তিন ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তিবিদের, যাঁরা স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত সফল। এনভিডিয়ার মতো এআই চিপ প্রস্তুতকারী সংস্থার শীর্ষকর্তা হওয়ার জন্য তিনজনের দক্ষতাই প্রশ্নাতীত। কিন্তু তাঁদের কেউ কি এনভিডিয়ার সিইও পদে বসার সুযোগ পাবেন? এই প্রশ্ন উঠছে সঙ্গত কারণেই।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যেভাবে হুয়াংকে ফেরানোর ‘চাপ’ বাড়ছে ভিতরে-বাইরে, তাতে তাঁর প্রত্যাবর্তন হয়ত আসন্ন। জানা যাচ্ছে, হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা তিনটি পরকীয়ার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত কমিটি গঠিত করেছে সংস্থা। সেই কমিটিকে চিঠি লিখেছেন সংস্থার ১৬০০ কর্মী। আবেদন, ‘বস’ হুয়াংকে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে যেন তাঁদের মতামত একবার শোনা হোক।
আসলে হুয়াংয়ের পদত্যাগের জেরে বিশ্বজুড়ে এআই চিপ প্রস্তুতকারী সংস্থার ৪ ট্রিলিয়ন বা ৪ লক্ষ কোটি ডলারের ব্যবসা অনিশ্চয়তার মুখে পড়েছে। তাঁর নেতৃত্বেই এনভিডিয়ার ব্যবসার রমরমা হয়েছিল। সেই সাফল্যের কথা মাথায় রেখেই জেনসেনকে ফেরানোর চাপ বাড়ছে সংশ্লিষ্ট মহলে। আরও একটি গুঞ্জনও শোনা যাচ্ছে। নিজে ইস্তফা দিয়ে নিজেই সংস্থার কর্মী এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে ঘুরপথে এনভিডিয়ারের উপর এই চাপ সৃষ্টি করছেন।
শেয়ার
লিংক



