0%

নির্বাচন না হলেও তালিকায় বাংলার দুই, ভোটের তোড়জোড় ফুটবল ফেডারেশনে

ভারতীয় ফুটবল ফেডারেশনের জন্য তামিলনাড়ু, জম্মু-কাশ্মীরের প্রতিনিধি ছাড়া বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার ভোটারদের নাম প্রকাশ করা হল। তাতে বাংলা থেকে সুব্রত দত্ত এবং অনির্বাণ দত্তর ভোটার হিসেবে নাম থাকলেও, ইলেক্টোরাল অফিসার থেকে বাংলার প্রতিনিধিদের পাশে লেখা হয়েছে-নির্বাচন অসম্পূর্ণ। সেরকম হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে দু’জন প্রতিনিধির নাম এলেও ইলেক্টোরাল অফিসার লিখিত মন্তব্য করেছেন, হরিয়ানার বিষয়টি এখনও পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় বলে তামিলনাড়ু অ্যাসোসিয়েশন এখনও পর্যন্ত কোনও প্রতিনিধির নাম পাঠাতে পারেনি।

উত্তরাখণ্ড নিজেদের নির্বাচন করার আগে দু’জন প্রতিনিধির নাম পাঠিয়ে জানিয়েছিলেন, ১৫ নভেম্বর নির্বাচন রয়েছে। এদিন উত্তরাখণ্ডের নির্বাচন শেষে দেখা যাচ্ছে, যে দু’জন ভোটারের নাম তারা পাঠিয়েছিল, তাঁরাই এদিন নির্বাচিত হয়েছেন। জম্মু-কাশ্মীর জানিয়েছে, তাদের নির্বাচন হবে ২৬ নভেম্বর। ফলে এই মুহূর্তে তাদের কোনও প্রতিনিধির নাম ফেডারেশন নির্বাচনের জন্য পাঠাতে পারছে না। পণ্ডিচেরি ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দু’জন প্রতিনিধির নাম পাঠিয়ে দিলেও, তাদের নির্বাচনের দিন ঠিক হয়েছে ২৭ নভেম্বর। আর এখানেই বাংলার সঙ্গে অন্যান্য রাজ্য ফুটবল সংস্থার পার্থক্য রয়েছে। বাংলা থেকে তাদের নাম পাঠানো হলেও কবে নির্বাচন হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কোনও নাম দিতে পারেনি তারা।

তবে সবচেয়ে চমক হয়েছে দমন দিউর প্রতিনিধি পাঠানো নিয়ে। ফেডারেশনের নির্বাচনের জন্য প্রতিনিধি পাঠানোর শেষ দিন ছিল ১৩ নভেম্বর। সেই মতো নির্বাচন না করেই ওয়াল্টার পেরিরা এবং আলতামাস শেখের নাম পাঠিয়ে দেয় দমন দিউ। কিন্তু দেখা যায়, দিন পেরিয়ে যাওয়ার একদিন পর ১৪ নভেম্বর রাতে নির্বাচন সম্পন্ন করে ফের নতুন প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তাতে ওয়াল্টার পেরিরার সঙ্গে নাম পাঠানো হয়েছে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের। ইলেক্টোরাল অফিসার অবশ্য, দমন দিউর নতুন করে পাঠানো প্রতিনিধিদের নাম প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, ১৪ নভেম্বর নতুন নাম পাঠানো হয়েছে।

এদিন যে নামগুলি নিয়ে মন্তব্য করা হয়েছে ইলেক্টোরাল অফিসারের পক্ষ থেকে সেই নামগুলির জন্য যদি কোনও আপত্তি আসে, সেইগুলি বিচার বিবেচনা করে সম্ভবত ৩০ নভেম্বরের মধ্যে ফেডারেশন নির্বাচনের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে হবে। এদিনের যা পরিস্থিতি, তাতে ৫৮ জন ভোটারের নামে কোনও আপত্তি আসেনি কোনও পক্ষের। ফেডারেশন নির্বাচনে তী হবে, তার জন্য ইলেক্টোরাল অফিসারের ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনও উপায় নেই।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker