মাসে মাত্র ৫০০০ টাকা জমালেই হাতে ১৬ লক্ষ! কোন স্কিমে মিলবে এই সুবিধা?

SOBDIK NEWS: সন্তানের জন্মের পর থেকেই বাবা-মায়ের চিন্তার বড় অংশ জুড়ে থাকে তার ভবিষ্যৎ। স্কুলের পড়াশোনা থেকে শুরু করে উচ্চশিক্ষা, এমনকি কর্মজীবনের শুরুতেও যাতে আর্থিক সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য অল্প অল্প করে সঞ্চয় (Small Savings) করাই হতে পারে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে নিয়মিত কেন্দ্রীয় সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF সেই সুযোগ করে দেয়।
মাসে ৫০০০ টাকা করে সঞ্চয়ে (Small Savings) কীভাবে পাবেন ১৬ লাখ টাকা?
নির্দিষ্ট নিয়ম মেনে সন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন টাকা জমালে তৈরি হতে পারে বড় তহবিল। মাসে মাত্র ৫০০০ টাকা সঞ্চয় করেই কীভাবে ১৬ লক্ষ টাকার বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে জেনে নিন। নাবালক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাঁর বাবা-মা অথবা আইনত নিযুক্ত অভিভাবক PPF অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এখানে বিনিয়োগের পরিমাণ নিয়ে একটি নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। অভিভাবকের নিজের নামে থাকা PPF এবং সন্তানের নামে খোলা অ্যাকাউন্ট, দুটিতে মিলিয়ে এক বছরে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যাবে। অর্থাৎ, আলাদা দুটি অ্যাকাউন্ট থাকলেও বিনিয়োগের ক্ষেত্রে এই সীমা অতিক্রম করার সুযোগ নেই।
সন্তানের অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা রাখছেন। সেক্ষেত্রে ১২ মাসে মোট সঞ্চয় হবে ৬০ হাজার টাকা। এভাবে ১৫ বছর নিয়মিত বিনিয়োগ করলে নিজের পকেট থেকে জমা হবে মোট ৯ লক্ষ টাকা। বর্তমানে PPF-এর সুদের হার ৭.১ শতাংশ ধরে হিসাব করলে, চক্রবৃদ্ধি সুদের সুবিধায় মেয়াদ শেষে মোট অর্থের পরিমাণ প্রায় ১৬.৩ লক্ষ টাকা হতে পারে। অর্থাৎ, বিনিয়োগ করা অর্থের পাশাপাশি সুদ থেকেই যুক্ত হবে প্রায় ৭.৩ লক্ষ টাকা। যদিও সুদের হার ভবিষ্যতে পরিবর্তিত হলে প্রাপ্ত অর্থের পরিমাণও কমবেশি হতে পারে।
আরও পড়ুন : অষ্টম পে কমিশন কার্যকর হলে কত বাড়বে পেনশন? সামনে এল নতুন হিসেব!
এই প্রকল্পে দীর্ঘ সময় ধরে টাকা জমিয়ে রাখার অন্যতম কারণ হল কম্পাউন্ডিংয়ের সুবিধা। প্রতি বছর জমা অর্থের উপর সুদ যুক্ত হয়। পরবর্তী সময়ে সেই সুদের অঙ্কও নতুন করে সুদ পাওয়ার সুযোগ তৈরি করে। তাই সন্তানের বয়স কম থাকতেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে বড় অঙ্কের তহবিল তৈরির সম্ভাবনা বাড়ে। একেবারে শুরুতে অল্প টাকা জমা করলেও নিয়মিত বিনিয়োগ চালিয়ে যাওয়াই এখানে গুরুত্বপূর্ণ।
PPF-এর নির্ধারিত মেয়াদ ১৫ বছর হলেও এই সময়সীমা শেষ হওয়ার পর সঞ্চয় বন্ধ করতেই হবে, এমন নয়। নিয়ম অনুযায়ী, মেয়াদ পূর্ণ হলে পাঁচ বছর করে অ্যাকাউন্টের মেয়াদ বাড়ানো যায়। সেই সময়ও নির্দিষ্ট শর্ত মেনে নতুন করে টাকা জমা দেওয়ার সুযোগ থাকে। ফলে আরও কয়েক বছর বিনিয়োগ চালিয়ে গেলে মোট সঞ্চয়ের পরিমাণ ১৬.৩ লক্ষ টাকার সীমা ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে সন্তানের কলেজের খরচ, উচ্চশিক্ষা কিংবা অন্য কোনও বড় প্রয়োজন মেটাতে এই অর্থ সহায়ক হতে পারে।
দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি আয়কর সংক্রান্ত সুবিধাও রয়েছে এই প্রকল্পে। পুরনো আয়কর ব্যবস্থায় PPF-এ জমা অর্থের উপর আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী নির্দিষ্ট সীমা পর্যন্ত করছাড় পাওয়া যায়। শুধু তাই নয়, এই প্রকল্প থেকে অর্জিত সুদ এবং মেয়াদ শেষে পাওয়া সম্পূর্ণ অর্থও করমুক্ত। ফলে সঞ্চয়ের পাশাপাশি কর পরিকল্পনার ক্ষেত্রেও PPF গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সঠিক পরিকল্পনায় ছোট ছোট সঞ্চয়ই একদিন সন্তানের বড় স্বপ্ন পূরণের সম্বল হয়ে উঠতে পারে।



