উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে শুধু ব্যবহারকারী নয়, উদ্ভাবক ও নির্মাতা হতে হবে: রাজনাথ সিং

হায়দরাবাদ, ১৫ নভেম্বর : উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে শুধু ব্যবহারকারী হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং প্রযুক্তির উদ্ভাবক, নির্মাতা এবং বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। রবিবার এমনই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশের প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্তিশালী করা এবং আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) বা অবিধ্বংসী পরীক্ষণ ব্যবস্থাকে আরও মজবুত করার ওপরও জোর দেন তিনি।
হায়দরাবাদে আয়োজিত নন-ডেস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড এনাবলিং টেকনোলজিস বিষয়ক ৩৬তম বার্ষিক সম্মেলন এবং অ্যারোস্পেস ক্ষেত্রে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং বিষয়ক ১৫তম আন্তর্জাতিক সিম্পোজিয়ামে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, উন্নত পরিদর্শন প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা গড়ে তোলা, ধারাবাহিক গুণমান নিশ্চিত করার পদ্ধতি চালু করা এবং পরীক্ষার ফলাফলের নির্ভুলতা, নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে কৌশলগত ক্ষেত্রে এই বিষয়গুলির সঙ্গে কোনও আপস করা যাবে না।
ইন্ডিয়ান সোসাইটি ফর নন-ডেস্ট্রাকটিভ টেস্টিংয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনের এই সম্মেলনে ২,০০০-এরও বেশি পেশাদার, গবেষক, শিল্প বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী অংশ নিয়েছেন। এনডিটি ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি, উদীয়মান প্রযুক্তি এবং তার বিভিন্ন প্রয়োগ নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।
এনডিটি প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই প্রযুক্তির মাধ্যমে কোনও উপাদান, যন্ত্রাংশ বা কাঠামোর কোনও ক্ষতি না করেই তার অভ্যন্তরীণ অবস্থা ও অখণ্ডতা পরীক্ষা করা সম্ভব। তিনি বলেন, চিকিৎসাক্ষেত্রে যেমন আল্ট্রাসাউন্ড ও এক্স-রে ব্যবহার করে অস্ত্রোপচার ছাড়াই মানবদেহের অভ্যন্তরীণ অবস্থা পরীক্ষা করা হয়, তেমনই এনডিটি প্রযুক্তির সাহায্যে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে না ফেলেই বা কোনও ক্ষতি না করেই তার অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করা যায়।
রাজনাথ সিং বলেন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যত আধুনিক ও জটিল হচ্ছে, ততই প্রতিটি গুরুত্বপূর্ণ উপাদান, যন্ত্রাংশ, সংযোজন এবং উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখা প্রয়োজন। তাঁর কথায়, “লুকিয়ে থাকা ত্রুটিগুলি সামরিক সরঞ্জামের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে, রক্ষণাবেক্ষণের প্রয়োজন বাড়াতে পারে, যন্ত্রপাতির আয়ু কমিয়ে দিতে পারে এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সামরিক অভিযানের সাফল্যকেও বিপন্ন করতে পারে। তাই শুধু ত্রুটি শনাক্ত করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎপাদনের প্রতিটি পর্যায়ে গুণমান নিশ্চিত করার মাধ্যমে ত্রুটি প্রতিরোধের দিকে এগোতে হবে।”
তিনি আরও বলেন, কোনও দেশ কতটা প্রযুক্তি তৈরি করছে, শুধু তার ওপর উন্নতি নির্ভর করে না। বরং সেই প্রযুক্তির মাধ্যমে তৈরি ব্যবস্থার গুণমান, নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, নৌবাহিনীর বিভিন্ন প্ল্যাটফর্ম এবং মহাকাশযানের মতো প্রতিরক্ষা ক্ষেত্রে গুণমান বজায় রাখা শুধুমাত্র উৎপাদনগত প্রয়োজন নয়, বরং তা দেশের নিরাপত্তা ও সামরিক কার্যক্ষমতার অন্যতম প্রধান শর্ত।
প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, নন-ডেস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন ক্ষেত্রেও বর্তমানে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, রোবোটিক্স, উন্নত সেন্সর, ডিজিটাল টুইন এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্সের মতো প্রযুক্তি পরিদর্শন ও কাঠামোগত স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে। তাঁর মতে, এই প্রযুক্তিগুলির সাহায্যে পরীক্ষার গতি ও ধারাবাহিকতা বাড়ানো, জটিল তথ্য বিশ্লেষণ করা এবং প্রচলিত পদ্ধতিতে সহজে শনাক্ত করা যায় না এমন ত্রুটির ধরন চিহ্নিত করা সম্ভব।
তিনি বলেন, ভবিষ্যতে প্রচলিত পরীক্ষণ পদ্ধতির সঙ্গে উন্নত ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর ফলে পরীক্ষণ প্রক্রিয়া আরও নির্ভুল, দক্ষ এবং শিল্পক্ষেত্রের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে।
রাজনাথ সিং বলেন, “ভারতকে শুধু এই প্রযুক্তিগুলি গ্রহণ করলেই চলবে না। দেশের কৌশলগত ও শিল্পক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী নিজস্ব প্রযুক্তি ও সমাধানও তৈরি করতে হবে। গবেষণা, উন্নত সরঞ্জাম, সফটওয়্যার এবং দক্ষ মানবসম্পদের ওপর বিনিয়োগের মাধ্যমে দেশীয় সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি এমন প্রযুক্তি তৈরি করতে হবে, যার আন্তর্জাতিক বাজারেও চাহিদা থাকবে।”
তিনি আরও বলেন, উন্নত পরিদর্শন প্রযুক্তি, বিশেষায়িত সেন্সর, মূল্যায়ন সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সফটওয়্যারের ক্ষেত্রে দেশীয় সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন। প্রযুক্তিগত নির্ভরতা কমানো এবং প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত রাখার জন্য এই ক্ষেত্রগুলিতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা শিল্পের সামগ্রিক ব্যবস্থায় ধারাবাহিক গুণমান নিশ্চিত করার ওপরও জোর দেন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারি উৎপাদনকারী সংস্থা, স্টার্টআপ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে (এমএসএমই) এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। পরীক্ষার ফলাফল যাতে নির্ভুল, নির্ভরযোগ্য ও অনুসরণযোগ্য হয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যথাযথ মানদণ্ড, শক্তিশালী পরীক্ষণ পদ্ধতি এবং যোগ্য বিশেষজ্ঞদের মূল্যায়নের ভিত্তিতে এই প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
দেশের ক্রমবর্ধমান দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের কথা তুলে ধরে রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র তৈরি, নৌবাহিনীর বিভিন্ন প্ল্যাটফর্ম, মহাকাশ প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই সাফল্যগুলি দেশের বৈজ্ঞানিক ও শিল্পক্ষেত্রের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের কমিশনিংকে আত্মনির্ভর ভারত অভিযানের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী।
–আইএএনএস
ms/vd



