কুখ্যাত অপরাধী, রয়েছে ৩৬ টি মামলা, শান্তিনিকেতন কাণ্ডে অভিযুক্তের জামিন নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় সরকারি আইনজীবী

SOBDIK NEWS: বীরভূমে গুলিবিদ্ধ পুলিশকর্মী বিশ্বজিৎ দাসের শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে শনিবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আহত পুলিশকর্মীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন রাজ্যের পুলিশমন্ত্রী। অভিযুক্তকেও দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি।
শান্তিনিকেতনের আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে শুভেন্দু (Suvendu Adhikari)
শুক্রবার শান্তিনিকেতনের লায়েকবাজার এলাকায় দুষ্কৃতীদের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ হাঁটুর কাছে গুলি এসে লাগে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সেখানেই শনিবার রাতে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জানান, চিকিৎসা ভালোভাবেই হয়েছে। প্রয়োজনীয় এক্স রে এবং স্ক্যান করা হয়েছে। আপাতত তিনি বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস: মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই পুলিশকর্মীকে দ্রুত সুস্থ করে তুলতে প্রয়োজনে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হবে কিনা তা স্বাস্থ্য দফতর এবং পুলিশকর্মীর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযুক্ত রতন শেখকে দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, অভিযুক্ত রতন শেখের বিরুদ্ধে ৩৬ টি মামলা থাকা সত্ত্বেও সে কীভাবে জামিন পায়?
আরও পড়ুন : নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ রামের থেকেও ‘আকর্ষণীয়’ রাবণ! ব্যাখ্যা দিলেন অনুপম
কী বললেন মুখ্যমন্ত্রী: এই ঘটনায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ‘সকালে জমা বিকেলে খরচ’ এর প্রসঙ্গে শুভেন্দুর স্পষ্ট জবাব, অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ আইন মেনেই করা হবে। পুলিশকর্মীদের আত্মরক্ষার বিষয়ে তিনি বলেন, পুলিশের হাতে অস্ত্র দেওয়া হয়েছে প্রয়োজনে তা ব্যবহার করার জন্যই। পরিস্থিতি বুঝে পুলিশ আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন : ছবির অর্ধেকেরও বেশি শুটিং সম্পূর্ণ, তাও পেছোলো ‘রামায়ণ ২’ এর মুক্তি, কিন্তু কেন?
মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে সরকার বদলের পরেও আগের সরকারের আমলে তৈরি হওয়া তৈরি হওয়া অপরাধের পরিবেশ পুরোপুরি বদলাতে সময় লাগবে। প্রশাসন ধাপে ধাপে সেই কাজই করছে।



