0%

জাপান মাস্টার্স চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ‘দুঃসময়’ পেরিয়ে প্রথম ভারতীয় হিসাবে গড়লেন ইতিহাস

ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস লক্ষ্য সেনের। প্রথম ভারতীয় হিসাবে জাপান মাস্টার্সের খেতাব জিতলেন তিনি। রবিবার ফাইনালে জাপানের কোকি ওয়াতানাবেকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের ১৩ নম্বর খেলোয়াড়। বিশ্বের ১৫ নম্বর ওয়াতানাবেকে ১৩-২১, ২১-১৮, ২১-১৪ গেমে হারালেন লক্ষ্য। এই নিয়ে পরপর দু’টি মাস্টার্স খেতাব জিতলেন তিনি।

এই জয়ের ফলে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল খেলার দৌড়েও অনেকটা এগিয়ে গেলেন লক্ষ্য। আগামী হংকং ওপেনের পর চূড়ান্ত হবে যোগ্যতা অর্জনের তালিকা। ১৭ থেকে ২২ নভেম্বর হবে ওই প্রতিযোগিতা। সেখানে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই ওয়ার্ল্ড টুর ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন ভারতীয় শাটলার।

ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন লক্ষ্যের। ওয়াতানাবের বিরুদ্ধে আগের পাঁচটি সাক্ষাতে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। যদিও শুরুটা ভালো হয়নি ভারতীয় খেলোয়াড়ের। আগ্রাসী মেজাজে শুরু করেন জাপানের শাটলার। লক্ষ্য নিজেকে গুছিয়ে নেওয়ার আগেই ৬-১ ব্যবধানে এগিয়ে যান জাপানি শাটলার। ব্যবধান কমিয়ে ৬-৮ করেন লক্ষ্য। কিন্তু তাঁর কয়েকটি ভুলের সুযোগ নিয়ে আবার এগিয়ে যান ওয়াতানাবে। একটা সময় ব্যবধান দাঁড়ায় ১৮-১২। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি লক্ষ্য। প্রথম গেম হারেন ১৩-২১ ব্যবধানে।

প্রথম গেম হারলেও হাল ছাড়েননি লক্ষ্য। দ্বিতীয় গেমে কৌশল বদলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। শুরুতেই ৫-০ ব্যবধানে এগিয়ে যান। সেই ছন্দ বজায় রেখেই এগোতে থাকেন। লক্ষ্যের দুরন্ত নেট প্লে সামলাতে হিমশিম অবস্থা হয় ওয়াতানাবের। ১০-১৯ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে টানা সাত পয়েন্ট জিতে ব্যবধান কমিয়ে করেন ১৭-১৯। প্রতি মুহূর্তে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন জাপানি শাটলার। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুর লড়াইয়ে জিতে যান লক্ষ্য। ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।

নির্ণায়ক তৃতীয় গেমে লক্ষ্যের আক্রমণের ধার আরও বাড়ে। ওয়াতানাবে পালটা লড়াইয়ের চেষ্টা করলেও ক্রমশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন ভারতীয় শাটলার। ৩-৩ থেকে এগিয়ে যান ৯-৬ ব্যবধানে। তার পর একের পর এক পয়েন্ট তুলে ব্যবধান বাড়িয়ে করেন ১৬-৭। কার্যত তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। গ্যালারিতে থাকা জাপানের সমর্থকদেরও অনেকটা চুপ করিয়ে দেন লক্ষ্য। শেষ দিকে ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন ওয়াতানাবে। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। ২১-১৪ ব্যবধানে তৃতীয় গেম জিতে ইতিহাস গড়েন লক্ষ্য।

চলতি বছর একের পর এক প্রতিযোগিতায় হারতে হয়েছে লক্ষ্য সেনকে। মালয়েশিয়া ওপেনের শেষ ষোলো, ইন্ডিয়া ওপেন ও ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। অল ইংল্যান্ড ওপেনে রানার্স-আপ হলেও ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে শেষ বত্রিশে থেমে যায় তাঁর দৌড়। থাইল্যান্ড ওপেন ও সিঙ্গাপুর ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর মালয়েশিয়া মাস্টার্স, ইন্দোনেশিয়া ওপেন, জাপান ওপেন, ডেনমার্ক ওপেন ও বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও শেষ বত্রিশের গণ্ডি টপকাতে পারেননি ভারতীয় শাটলার। চায়না ওপেনে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকে। তবে নভেম্বরের শুরুতে হাইলো ওপেনে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে ২১-১৭, ২১-১০ ব্যবধানে হারিয়ে খেতাব জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন লক্ষ্য। এবার ধারাবাহিকতা বজায় রেখে জাপান মাস্টার্সেও জাপান মাস্টার্স জিতে ‘দুঃসময়’ কাটালেন ভারতীয় শাটলার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker