0%

ফের লজ্জার হার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচে ৮ গোল হজম ভারতের

নিউজিল্যান্ড: ৩ (ক্রিস উড ২, ম্যাকগ্যারি)
ভারত: ০

নিউজিল্যান্ড ৮৩। ভারত ১৩৮। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় দু’দেশের অবস্থান। ফারাকটা ৫৫ ধাপের। তবে রবিবার ক্রাইস্টচার্চে ভারত এবং নিউজিল্যান্ডের খেলার মানের যে ফারাক চোখে পড়ল, সেটা ওই ৫৫ ধাপের চেয়েও যেন বেশি। পুরোপুরি একপেশে ম্যাচে অল হোয়াইটসদের বিরুদ্ধে ভারত হারল ৩-০ গোলে। দুই ম্যাচ মিলিয়ে কিউয়িদের বিরুদ্ধে মেন ইন ব্লু-কে হজম করতে হল ৮ গোল।

রবিবার খালিদ জামিলের ভারতীয় দল যে ফুটবল খেলল, সেটা দেখলে কে বলবে যে মাস দেড়েক আগে এই দলটাই ব্রাজিলের মতো মহাশক্তিধর দেশের বিরুদ্ধে লড়াই করে হেরেছিল। আটকে দিয়েছিল পানামাকে। দেশের মাটিতে ৩ ফিফা ফ্রেন্ডলিতে মেন ইন ব্লু-র যে সাহসী ফুটবল হৃদয় জয় করেছিল, নিউজিল্যান্ডে গিয়ে সেই সাহস যেন রাতারাতি উধাও। কিউয়িদের বিরুদ্ধে দু’ম্যাচেই স্রেফ রক্ষণ সামলে গেল গোটা দল। ম্যাচের বেশিরভাগ সময় প্রায় সব ভারতীয় ফুটবলারকে দেখা গেল নিজেদের অর্ধে।

ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কিউয়িরা। আর ভারতকে প্রথম মিনিট থেকেই নিজেদের দুর্গ সামলাতে হয়েছে। সেই কাজটা প্রথম ২০ মিনিট ভালোই করেছিলেন বিজয়রা। মুহুর্মুহু আক্রমণেও গোলমুখ খুলতে পারেনি কিউয়ি শিবির। কিন্তু ২২ মিনিটে গোলরক্ষক বিশাল কাইথের বিশ্রী আউটিংয়ের জেরে প্রথম গোল হজম করতে হল মেন ইন ব্লু-কে। গোল করে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস উড। আগের ম্যাচে যে বিশাল একাধিক বিশ্বমানের সেভ করে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন, এদিন তিনিই যেন ভারতের বোঝা হয়ে গেলেন। শুধু ২২ মিনিটের প্রথম গোল নয়, ৪৪ মিনিটে কিউয়িদের তৃতীয় গোলটিও হয়েছে বিশালের ভুলেই। ডানদিক থেকে বাড়ানো ক্রসে তিনি লাফিয়ে ফিস্ট করলেন বটে, কিন্তু তাতে জোর ছিল না। যার জেরে বলটি গিয়ে পড়ে আগুয়ান ক্রিস উডের পায়ে। তিনি ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি। এর মাঝে অবশ্য ৪০ মিনিটে ম্যাকগ্যারি দ্বিতীয় গোলটি নিখুঁত দক্ষতায় করেছেন। বক্সের ভিতর থেকে ডিফেন্ডারদের পায়ের জঙ্গল ভেদ করে জালে বল জড়িয়েছেন তিনি।

সব মিলিয়ে প্রথমার্ধেই ৩ গোল হজম করতে হয় ভারতকে। যার মধ্যে অন্তত দুটি গোলের জন্য অল্প হলেও দায়ী গোলরক্ষক বিশাল কাইথ। দ্বিতীয়ার্ধে সম্ভবত সেকারণেই তাঁকে তুলে নিয়ে হৃতিক তিওয়ারিকে দ্বিতীয়ার্ধে নামালেন খালিদ। দ্বিতীয়ার্ধেও খেলার গতি বা অভিমুখ বদলায়নি। গোটা অর্ধ আক্রমণ করে গিয়েছে নিউজিল্যান্ড। আর রক্ষণ সামলেছে ভারত। ভারতের জন্য স্বস্তি, এই অর্ধে আর কোনও গোল হজম করতে হয়নি। শেষমেশ খেলা শেষ হয় ৩-০ গোলে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker