সিলেক্টর যাহা বৈঠা হ্যায়…, সেখানেই ছক্কা হাঁকিয়ে সূর্যর হুঙ্কার, ‘দরজা ভেঙে আবার ঢুকব জাতীয় দলে’

২০২৬ সালটা চিরস্মরণীয় হয়ে থাকবে সূর্যকুমার যাদবের কেরিয়ারে। যে বছরের শুরুতে প্রথম অধিনায়ক হিসাবে স্বভূমে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে বছরের মাঝে ব্রাত্য হয়েছেন টিম ইন্ডিয়ায়, ট্রফিজয় পরবর্তী প্রথম সিরিজে। আবার সেই বছরের শেষদিকে এসে সূর্য শুরু করে দিয়েছেন জাতীয় দলে পুনঃউদয়ের যুদ্ধটা। যার প্রথম এপিসোড দেখা গেল শনিবাসরীয় সকালে, সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসে। যেখানে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২১ বলে অপরাজিত ৬০ রানের বিধ্বংসী ইনিংস দেখা গেল বিশ্বজয়ী অধিনায়কের ব্যাটে। আর এ হেন ইনিংসের পর জাতীয় নির্বাচকদের জন্য কার্যত হুঙ্কার দিলেন সূর্যকুমার।
ফেব্রুয়ারিতে নিজের দ্বিতীয় বিশ্বজয়ের পর আর ভারতের জার্সিতে খেলা হয়নি সূর্যর। বলা ভালো, জাতীয় দলের যাবতীয় আলোচনা থেকে তাঁকে স্রেফ মুছে ফেলা হয়েছে।
ফেব্রুয়ারিতে নিজের দ্বিতীয় বিশ্বজয়ের পর আর ভারতের জার্সিতে খেলা হয়নি সূর্যর। বলা ভালো, জাতীয় দলের যাবতীয় আলোচনা থেকে তাঁকে স্রেফ মুছে ফেলা হয়েছে। কিন্তু এই সূর্য যে সহজে ‘অস্ত’ যাওয়ার মানুষ নন। তাই নতুন করে জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে নেমে পড়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টিতে মুম্বইয়ের অধিনায়কত্ব করছেন। ম্যাচের সেরা হয়ে প্রত্যাবর্তনের কথাই শুনিয়ে গেলেন সূর্য। “বিশ্বকাপ জয়ের পর যে সিরিজই হোক না কেন, সেখানে দলে থাকার কথাই তো যে কোনও প্লেয়ার ভাববে, তাই না? কারণ আমরা বড় একটা সাফল্য পেয়েছি। আইসিসি ট্রফি জেতা সহজ নয়। নিজের দেশে কেউই এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়নি। সেটা আমরা হয়েছি,” বলছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক, “টিম ম্যানেজমেন্ট কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছিল। তবে আমার খারাপ লেগেছিল। আসলে খারাপ না লাগলে তো সেই প্যাশন, সেই খিদে দেখানো যায় না। জাতীয় দলে ডাক পাওয়ার আগে আমি যেমন ছিলাম, এখন আবার তেমন হয়েছি। ভারতীয় ড্রেসিংরুমে ফেরার লক্ষ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছি। আর জাতীয় দলে ফিরতে হলে আবার দরজা ভাঙতে হবে!”
হাফডজন চার এবং পাঁচ ছক্কায় সাজানো ইনিংসে কী নির্বাচকদের জবাব দিলেন? সূর্যর সটান জবাব, “কোনও স্টেটমেন্টের বিষয় না। টি-টোয়েন্টি ক্রিকেটের চরিত্র ২০২৪ সালের আগে একরকম ছিল। ২০২৬ পর্যন্ত অন্যরকম। সেসময় ১৯০ ভালো স্কোর ছিল। আর এখন ২২০-২২৫ সাধারণ স্কোর। ২৫০ নিউ নর্মাল। আমাদের সেই ক্রিকেট খেলতে হবে। মাঝের ওভারেও রান তোলার গতি পাওয়ার প্লে-র মতো হতে হবে ২৫০ করার জন্য। আমি বরাবরই হাই রিস্ক হাই রিওয়ার্ড ক্রিকেট খেলি। এখন চেষ্টা করছি, আরও বেশি বাউন্ডারি আর ছক্কা মারার। কারণ এখন সবই ওই ২২০-২২৫ রানের ম্যাচ। তাই যতটা সম্ভব স্পিনার আর ফাস্ট বোলারদের সামলানোর নতুন পথ খুঁজছি।”
সূর্য বলেন, “জাতীয় দলে ডাক পাওয়ার আগে আমি যেমন ছিলাম, এখন আবার তেমন হয়েছি। ভারতীয় ড্রেসিংরুমে ফেরার লক্ষ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছি। আর জাতীয় দলে ফিরতে হলে আবার দরজা ভাঙতে হবে!”
সাতসকালে ম্যাচ দেখলে হাজির হয়েছিলেন জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। নিজের ইনিংসের দ্বাদশতম বলে তাঁর দিকেই একটা ছক্কা মারার চেষ্টা করলেন সূর্য। যে বলটা দুরন্ত ফিল্ডিংয়ে প্রতিপক্ষের এক ফিল্ডার না ঠেকালে তখনই হাফসেঞ্চুরির গণ্ডি পার হয়ে যেতেন তিনি। আর তাঁর লক্ষ্য যে নির্বাচকই ছিলেন, ম্যাচ শেষে সেটাও শোনালেন সূর্য। “একটা সিনেমার কথা বলব। এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। সেখানে মাহিভাইয়ের এক বন্ধু বলেছিল, সিলেক্টর যাহা বৈঠা হ্যায়, মাহি ওহি মারনা! আমার তেমনই পরিকল্পনা ছিল।” একটা ভালো ইনিংস খেলেই থেমে যেতে নারাজ সূর্য। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, “আমি ধারাবাহিকভাবে রান করতে চাই। দলকে জেতাতে চাই। আর হাই রিস্ক হাই রিওয়ার্ড ক্রিকেট এভাবেই খেলে যেতে চাই। যেভাবে ভারতীয় দলে খেলেছি।” এদিন মোট রানের ৯০ শতাংশই বাউন্ডারি মেরে করেছেন সূর্য।
এদিন নেতা সূর্যর দেখা পাওয়া গেল মাঠের বাইরেও। ড্রেসিংরুমের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে দেখা করতে এলেন মুশিরকে সঙ্গী করে। মুম্বইয়ের হয়ে টি-টোয়েন্টি অভিষেকেই দুরন্ত ইনিংস খেলেছেন যিনি। আবার সাংবাদিকরা যাতে অনুজ সতীর্থের প্রতি মনযোগী হন, তা নিশ্চিতও করলেন। অনুরাগীদের সইও বিলালেন অকাতরে।
নিজের সাজানো ভারতীয় দল থেকে ব্রাত্য হওয়ার খবর যন্ত্রণা দিয়েছিল সূর্যকে। তবে তা সাময়িক। সল্টলেকে দলকে জিতিয়ে শুনিয়ে গেলেন, “লক্ষ্য একটাই। কামব্যাক। আর আমি এভাবে খেলার জন্য অনুশীলনও করছি। যখন ভারতের হয়ে খেলাটাই একমাত্র লক্ষ্য হয়ে যায়, তখন আপনি সেভাবে কাজ করা শুরু করবেন। শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন। ব্যাটিং নিয়ে কাজ করবেন। আমিও নিজের ভাবনা থেকে স্কিল– সব বিষয়েই কাজ করেছি।” সূর্য যে ফের উদয়ের জন্য পরিশ্রম করেছেন, বুঝিয়ে দিল তাঁর ব্যাটই।
শেয়ার
লিংক



