0%

‘ঔপনিবেশিক ও মুনাফালোভী রাষ্ট্র’ পাকিস্তান, ক্ষমতার কাঠামো নিয়ে তীব্র সমালোচনা পাক বিশ্লেষক আয়েশা সিদ্দিকার

বার্লিন, ১৬ নভেম্বর : পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোকে ‘ঔপনিবেশিক ও মুনাফালোভী রাষ্ট্র’ বলে তীব্র সমালোচনা করলেন বিশিষ্ট পাক রাজনৈতিক বিশ্লেষক ও লেখক আয়েশা সিদ্দিকা। তাঁর অভিযোগ, পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থা বর্তমানে ‘সাংবিধানিক সামরিকতন্ত্রে’ পরিণত হয়েছে, যেখানে সামরিক বাহিনীর প্রভাবই সবচেয়ে বেশি।

জার্মানির হ্যানোভারে বালোচ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আয়েশা সিদ্দিকা বলেন, পাকিস্তানের জন্মলগ্ন থেকেই দেশটি প্রকৃত রাজনৈতিক রাষ্ট্রের পরিবর্তে একটি আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে রয়েছে। দেশের প্রশাসন ও নীতিনির্ধারণে সামরিক বাহিনীর আধিপত্য কোনও আকস্মিক ঘটনা নয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছর ১৩ নভেম্বর বিশ্বজুড়ে বালোচ সম্প্রদায়ের মানুষ বালোচ শহিদ দিবস পালন করেন। বালোচিস্তানের মানুষের অধিকার, মর্যাদা ও স্বাধীনতার সংগ্রামে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে এই দিনটি পালন করা হয়।

বিএনএমের দাবি অনুযায়ী, সম্মেলনে আয়েশা সিদ্দিকা পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা দিতে এবং তাঁদের অভিযোগের সমাধান করতে সে দেশের কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে গভীর অনাস্থা প্রকাশ করেন। তাঁর বক্তব্য, পাকিস্তানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বাবা-মায়ের কাছ থেকে তাঁদের সন্তানদের জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের কাজ কোনওভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না।

তিনি আরও বলেন, পাকিস্তানে রাষ্ট্রীয় হিংসা এবং কর্তৃত্ববাদ ক্রমশ বাড়ছে। সে দেশের বর্তমান ব্যবস্থার উপর তাঁর আর কোনও আস্থা নেই।

পাকিস্তানের রাজনৈতিক দল ও সংসদের ভূমিকারও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক দলগুলি এবং সংসদ কার্যত নিজেদের ক্ষমতা সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সামরিক বাহিনীর দাবি মেনে সংবাদমাধ্যমের উপর বিধিনিষেধ-সহ বিভিন্ন পদক্ষেপ সংসদ নিজেই অনুমোদন করেছে।

বিএনএমের বিবৃতি অনুযায়ী, বিচার বিভাগ ও অসামরিক প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলিকেও দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমানে সামরিক ও অসামরিক অভিজাত শ্রেণির স্বার্থের জোটই দেশের সম্পদ বণ্টন নিয়ন্ত্রণ করছে।

জোরপূর্বক গুম, ভয় এবং দমন-পীড়নের সঙ্গে প্রাকৃতিক সম্পদ আহরণের বিষয়টিকেও যুক্ত করেন আয়েশা সিদ্দিকা। তাঁর অভিযোগ, বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া-সহ পাকিস্তানের বিভিন্ন প্রদেশের খনিজ সম্পদ সাধারণ মানুষের মতামত বা যথাযথ জবাবদিহি ছাড়াই বিক্রি করার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, এই প্রক্রিয়া বজায় রাখতে এবং সম্পদের নিয়ন্ত্রণ যাঁদের হাতে রয়েছে তাঁদের স্বার্থ রক্ষা করতে ভয়, নীরবতা ও দমন-পীড়নকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের উপস্থিতিতে ইসলামাবাদে সম্প্রতি আয়োজিত একটি সম্মেলনের প্রসঙ্গও তোলেন তিনি। আয়েশা সিদ্দিকার অভিযোগ, সংসদকে অবগত না করে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে আলোচনা ছাড়াই দেশের খনিজ সম্পদ বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছে।

একই সম্মেলনে বক্তব্য রাখেন স্পেনের সাংবাদিক কার্লোস জুরুতুজা। বালোচিস্তান নিয়ে দীর্ঘদিন ধরে সংবাদ সংগ্রহ করা এই সাংবাদিক বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বালোচিস্তান প্রায় অদৃশ্যই থেকে গিয়েছে। অথচ সেখানে সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে রয়েছে গুরুতর ঝুঁকি।

বিদেশি সাংবাদিকদের নানা বাধার মুখে পড়তে হয় বলেও জানান তিনি। উদাহরণ হিসেবে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক কার্লোটা গলের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, ২০০৬ সালে ওই সাংবাদিককে মারধর করে বহিষ্কার করা হয়েছিল। অন্য এক সাংবাদিককেও মাত্র একটি প্রতিবেদন প্রকাশের পর বহিষ্কার করা হয়।

ইসলামাবাদভিত্তিক সংবাদমাধ্যম পর্যবেক্ষক সংস্থা ফ্রিডম নেটওয়ার্কের পরিসংখ্যান উল্লেখ করে জুরুতুজা জানান, গত দুই দশকে বালোচিস্তানে অন্তত ৪০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker