0%

মহিলা ক্রিকেট নিষিদ্ধের পর নয়া ফতোয়া, আফগানিস্তানে তালিবানি নির্দেশে বন্ধ রশিদদের ম্যাচের সম্প্রচার

আফগানিস্তানে তালিবান শাসন জারি হওয়ার পর থেকে সেদেশে খেলাধুলোর উপর একের পর এক ফতোয়া জারি হয়েছে। সেই শাসনে মহিলাদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। এমনকী মহিলাদের খেলাধুলাও নিষিদ্ধ করা হয়েছে। এবার সেই নিষেধাজ্ঞার আঁচ ক্রিকেটেও। তালিবান প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হল সেদেশের রেডিওয় ক্রিকেট ধারাভাষ্য। কেবল ধারাভাষ্য নয়, ক্রিকেট সংক্রান্ত কোনও খবরও সম্প্রচার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত, তা অবশ্য জানা যায়নি।

সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে সেদেশের সমস্ত রেডিও স্টেশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য সম্প্রচারের পাশাপাশি ম্যাচ সংক্রান্ত খবর প্রকাশেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনকী আফগানিস্তানের জাতীয় দলের ম্যাচের ফলাফলও জানানো যাবে না রেডিওয়। যদিও এই নির্দেশিকা এখনও পর্যন্ত সরকারি ভাবে সামনে আসেনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

কান্দাহারের তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেন, “ক্রিকেটের ধারাভাষ্য নিষিদ্ধ করা হয়েছে। এমনকী ক্রিকেট সংক্রান্ত প্রচারও নিষিদ্ধ। কোনও দল জিতলেও ফলাফল জানানো যাবে না।” তিনি আরও জানান, রেডিওয় ক্রিকেট নিয়ে কোনও সম্প্রচার এবার থেকে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অবশ্য খোলসা করেননি তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই বলে পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছেন ওই কর্তা।

ফাইল ছবি।

তাছাড়াও কান্দাহারের রেডিও স্টেশনের প্রধান বলেন, “তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন করা হয়েছিল আমাদের। এখন থেকে রেডিওয় ক্রিকেট নিয়ে কোনও কিছু প্রচার করা যাবে না।” বিষয়টি নিশ্চিত করেছেন অন্য এক রেডিও স্টেশনের ম্যানেজার। প্রসঙ্গত, আফগানিস্তানের অন্যতম জনপ্রিয় খেলা। সেদেশের অসংখ্য মানুষ জাতীয় ক্রিকেট দলের খেলা অনুসরণ করেন। গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে যথেষ্ট শক্তিশালী দল হিসাবে উঠে এসেছে আফগানিস্তান। এই মুহূর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে আফগানিস্তান। কিন্তু তালিবান প্রশাসনের নতুন নির্দেশের জেরে সেই ম্যাচের খবরও রেডিওয় শুনতে পারবেন না দেশের ক্রিকেটপ্রেমীরা।

তালিবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে একাধিক খেলাধুলোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। মিক্সড মার্শাল আর্টের মতো খেলাও বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ক্রিকেট খেলার অনুমতি রয়েছে শুধু পুরুষদের। মহিলাদের জন্য কার্যত সমস্ত ধরনের খেলাধুলোই নিষিদ্ধ। এই নীতির প্রতিবাদে অতীতে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়ার মতো দেশ। কিন্তু আন্তর্জাতিক মহলের চাপেও এখনও অবস্থান বদলায়নি তালিবান প্রশাসন। এবার রেডিওয় ক্রিকেট সম্প্রচার নিষিদ্ধ করল তালিবানরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker