0%

যুদ্ধের আগুনে নিঃস্ব, নেই সংসার খরচ, অর্থ জোগানে অণ্ডকোষ-কিডনি-কর্নিয়া বিক্রি ইরানিদের!

একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তার উপর যুদ্ধের আগুনে কার্যত কোমর ভেঙে ইরানের অর্থনীতির (Iran Crisis)। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে নিজেদের শরীরের অঙ্গ বিক্রি করছেন ইরানের বহু বাসিন্দা। ইরানি সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনালে’র একটি রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে। শুধু তাই নয়, অণ্ডকোষ-কিডনি-কর্নিয়া বিক্রির জন্য তাঁরা বিজ্ঞাপনও দিচ্ছেন বলে খবর।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, মার্কিন নৌ-অবরোধ এবং কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়ে ইরানের অর্থনীতি প্রায় বিপন্ন। কবে এই অচলাবস্থা কাটবে, তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে যুদ্ধের ভয়াল প্রভাব পড়তে শুরু করেছে সে দেশের সাধারণ নাগরিকদের উপর। ঋণের বোঝায় ন্যুব্জ ইরানের বহু বাসিন্দা। এমনকী অনেকের কাছে সংসার চালানোর খরচটুকুও নেই। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও সতর্ক করেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সম্প্রতি ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত মে মাসের শেষ থেকে অক্টোবর পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে ৬০০টিরও বেশি ইরানি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। দেখা গিয়েছে, প্রতি তিনটি বিজ্ঞাপনের মধ্যে অন্তত একটিতে শরীরের এক বা একাধিক অঙ্গ বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কিডনি বিক্রির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এধরনের বিজ্ঞাপনের সংখ্যা ৪৯৮। এছাড়া অস্থিমজ্জা (বোন ম্যারো), যকৃৎ, অণ্ডকোষ এবং কর্নিয়া বিক্রির প্রস্তাব দিয়েও বিজ্ঞাপন দিয়েছেন ইরানের শয়ে শয়ে বাসিন্দা।

বিজ্ঞাপন দাতাদের বক্তব্য, ঋণের বোঝা এবং চরম আর্থিক সংকট মেটাতেই এই পদক্ষেপ করছেন তাঁরা। এক যুবক জানিয়েছেন, নিজের মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করতে তিনি তাঁর শরীরের অঙ্গ বিক্রি করতে প্রস্তুত। বিজ্ঞাপন নিয়ে মুখে খুলেছেন আরও এক যুবক। পেশায় তিনি ছিলেন একজন পোশাক ব্যবসায়ী। দেউলিয়া হয়ে গিয়ে বর্তমানে তিনি ঋণের জালে জর্জরিত। তাঁর কথায়, “শরীরের অঙ্গ বিক্রি করলে কিছু ঋণ আমি পরিশোধ করতে পারব। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে পারব।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker