0%

‘প্রথম কোনও পে কমিশন, যারা কোন কোন ডিপার্টমেন্ট..,’ সপ্তম বেতন কমিশন নিয়ে সংশয় সরকারি কর্মীদের

বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে সপ্তম পে কমিশনের (7th pay commission) ঘোষণা করে দিয়েছে। ২০২৭ সালের শুরুতেই নয়া বেতন কমিশন লাগু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য (West Bengal Government)। তবে বারংবার কমিশনে মতামত জানানোর মেয়াদ বাড়ানোয় গোটা প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আশঙ্কায় সরকারি কর্মচারীরা (Government Employees)।

পে কমিশন নিয়ে আশঙ্কা সরকারি কর্মীদের | 7th pay commission

রাজ্য সরকারি কর্মীদের বেতন-সহ অন‌্যান‌্য সুযোগ-সুবিধার বিষয়ে বেতন কমিশনকে পরামর্শ দিতে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে বেতন, ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কমিশন। নয়া বেতন কমিশন শুক্রবার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে।

কমিশনের এই সময়সীমা বাড়ানো নিয়ে জোর চর্চা সরকারি কর্মীদের মধ্যে। বারবার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তের ফলে পে কমিশনের কাজ দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা সরকারি কর্মচারীদের। এই বিষয়ে ‘বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’র সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সংবাদমাধ্যমে সংশয় প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে কমিশন আদৌ কাজ শেষ করতে পারবে কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: আর নীল-সাদা নয়, গেরুয়াও নয়! এবার কোন রঙে সাজবে নবান্ন? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

তার কথায়, ‘‘আমরা এই প্রথম কোনও পে কমিশন দেখলাম, যারা কোন কোন ডিপার্টমেন্ট বা বডি পে কমিশনের আওতাভুক্ত, সেটাই জানে না। সেই কারণে পে কমিশন গঠিত হওয়ার পর দু’বার নোটিস দিয়ে জানাতে হল কারা অন্তর্ভুক্ত হবে।” এই কারণেই ফের সময় বাড়ানো হল বলে জানিয়েছেন তিনি।

আবার সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী কো-অর্ডিনেশন কমিটি বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, পে কমিশনের নোটিফিকেশন জারি হল, তার সাত দিনের মাথায় চেয়ারম্যান বদল। তার পরে যে নোটিফিকেশন বেরোল, তাতে মধ্যশিক্ষা পর্ষদ-সহ যারা আওতার মধ্যে আসে, তাদের রাখা হয়নি। পরবর্তীতে ৩০ অক্টোবর ডেট পার হয়ে যাবার পর তাদের নামে নোটিফিকেশন জারি করে আবার ৩০ নভেম্বর অবধি সময় বাড়ানো হল। গোটা বিষয়টাই পে কমিশনের কাজ দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়া বলে তিনি মনে করেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, নয়া বেতন কমিশন তরফে জানানো হয়েছে, সম্প্রতি নতুন করে যে সংস্থাগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেখানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের জন্যই কমিশনের ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলটির সময়সীমা বৃদ্ধি। আগামী ৩০ নভেম্বর সময়সীমা বাড়িয়েছে কমিশন।

সম্প্রতি ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সংস্থা কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদকে কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker