0%

যৌনতার বিনিময়ে গ্রিনকার্ড, প্রস্তাব মার্কিন আধিকারিকের! চাঞ্চল্যকর অভিযোগ লেবাননের তরুণীর

মার্কিন মুলুকে ‘ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট’ আধিকারিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। লেবাননের বাসিন্দা ২১ বছরের এক তরুণীর অভিযোগ, যৌনতার বিনিময়ে গ্রিনকার্ড (Green Card) পাইয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। বন্ধ ঘরে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন তিনি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিবাসন দপ্তর।

লেবাননের ওই তরুণীর অভিযোগ, টেক্সাসে রেমন্ডভিলের ‘এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটি’ দপ্তরে বিদেশী নাগরিকদের প্রত্যার্পণ সংক্রান্ত কর্তা মর্কল ওয়ালেস তাঁকে একটি তালাবদ্ধ কক্ষে নিয়ে যান। সম্মতি ছাড়াই তাঁকে যৌন উদ্দেশ্যমূলক স্পর্শ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজইউককে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুরুতে তাঁকে ও তাঁর স্বামীকে কারাদণ্ড এবং নির্বাসনে পাঠানোর হুমকি দেন মর্কল। এরপর যৌনপ্রস্তাব দেন। শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে গ্রিনকার্ড পাইয়ে দেবেন বলেও প্রস্তাব দেন।

তরুণীর অভিযোগ, অভিবাসন দপ্তরের আধিকারিক ওয়ালেস তাঁকে বলেন, “আমি তোমাকে গ্রিনকার্ড দেবো কিন্তু…। তোমার স্বামী তো বুড়ো হয়ে গিয়েছে। তোমার সঙ্গে নিশ্চয়ই কিছু করতে পারে না। আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারি।” উল্লেখ্য, মার্কিন মুলুকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে রিও গ্রানাদে উপত্যকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল লেবাননের তরুণীকে। ২০২৪ সালের আগস্টে মন্ট্রিয়াল হয়ে তিনি আমেরিকায় প্রবেশ করেন বলে অভিযোগ। লেবানিজ তরুণী জানিয়েছেন, ২০২৬-এর এপ্রিলে তাঁর আইনজীবী অভিবাসন সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়াতেই তাঁর উপর রাষ্ট্রীয় অত্যাচার শুরু হয়েছে।

যদিও আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দপ্তর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। অভিভাসন দপ্তরের অধিকারিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছে সরকারি সংস্থাটি। যদিও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং অভিযোগগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker