রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে উদ্যোগী ভারত, লক্ষ্য সীমিত হলেও কার্যকর ফল: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ নভেম্বর : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতে সরাসরি জড়িত হতে অনীহা প্রকাশ করলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা চালাচ্ছে ভারত। লক্ষ্য, সীমিত হলেও কার্যকর ফলাফল অর্জন করা। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠিত হলে ভারতও সরাসরি লাভবান হতে পারে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
‘দ্য ডিপ্লোম্যাট’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৯ নভেম্বর, মার্কিন মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দু’দিনের বৈঠক শুরুর ঠিক এক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। এরপর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যোগাযোগ করেন।
জেলেনস্কি তাঁর এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে জানান, প্রধানমন্ত্রী মোদিকে তিনি সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। কৃষ্ণসাগরের মাধ্যমে শস্য রপ্তানিতে রাশিয়ার বাধা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি খাদ্য পরিবহণের করিডর প্রতিষ্ঠায় ভারত মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবেদন অনুযায়ী, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পিছনে ভারতের নিজস্ব স্বার্থও রয়েছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরির অন্যতম প্রধান তিনটি কারণের মধ্যে একটি। যুদ্ধের অবসান হলে ভারতের অর্থনীতি ও কৌশলগত স্বার্থে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
প্রথমত, যুদ্ধ বন্ধ হলে জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে চাপ কমতে পারে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের আমদানির উপর নির্ভরশীল ভারতকে ক্রমাগত পরিবর্তনশীল দাম এবং নিষেধাজ্ঞাজনিত পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি সার ও ভোজ্যতেলের সরবরাহেও প্রভাব পড়েছে, যার ফলে দেশের অভ্যন্তরে মূল্যবৃদ্ধির চাপ বেড়েছে।
দ্বিতীয়ত, রাশিয়া ও পশ্চিমি দেশগুলির মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও মস্কো এবং ওয়াশিংটন—উভয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ভারতের কূটনৈতিক সুযোগ বাড়তে পারে। এর ফলে কোনও একটি পক্ষ বেছে নেওয়ার চাপ ছাড়াই কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে পারবে নয়াদিল্লি।
তৃতীয়ত, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতি ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও গতি দিতে পারে। ভারত-ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিন ধরে আলোচনাধীন মুক্ত বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তিগত সম্পর্কও বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেন সফর করেন। সেখানে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। কোনও ভারতীয় বিদেশমন্ত্রীর এটাই ছিল ইউক্রেনে প্রথম স্বতন্ত্র দ্বিপাক্ষিক সফর।
এছাড়া গত অক্টোবর মাসে ভারত তিন দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাবও দিয়েছিল। এর মধ্যে ছিল জ্বালানি কেন্দ্র ও অন্যান্য পরিকাঠামোয় হামলা বন্ধ করা, কৃষ্ণসাগরের মাধ্যমে শস্য ও জ্বালানির সরবরাহ অব্যাহত রাখা এবং বাণিজ্যিক জাহাজের উপর হামলা বন্ধ করা।
‘দ্য ডিপ্লোম্যাট’-এর মতে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারত এই উদ্যোগ থেকে পিছিয়ে আসবে না বলেই মনে করা হচ্ছে। তবে মস্কোর উপর ভারতের প্রত্যক্ষ প্রভাব সীমিত হওয়ায় প্রকৃত মধ্যস্থতাকারীর পরিবর্তে দুই পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই নয়াদিল্লির বাস্তবসম্মত ভূমিকা হতে পারে।



