চার ম্যাচে ৩০ রান, ফের উঠছে রোহিত বিদায়ের দাবি! ফের ব্যাটিং বিপর্যয় ভারতের

টেস্ট ও টি-২০ থেকে অবসর এবং ওয়ানডে-তে অধিনায়কত্ব হারানোর পর থেকেই রোহিত শর্মার (Rohit Sharma) কেরিয়ারের পিছনে প্রশ্নচিহ্ন লেগে রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের পর সেই প্রশ্নচিহ্নটা আরও যেন বড় হল। সার্বিকভাবে কিউয়িদের বিরুদ্ধে ভারতের গোটা টপ অর্ডারই ব্যর্থ। কিন্তু রোহিতের ব্যর্থতা যেন একটু বেশিই দৃষ্টিকটু।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। বাকি চার ম্যাচে সাকুল্যে রোহিতের সংগ্রহ ৩০ রান। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতে ২৩ রান করেন। দুই ম্যাচে করেছেন শূন্য। রবিবার চতুর্থ ম্যাচে করলেন ৭। পরপর এই ব্যর্থতার চেয়েও যেটা বেশি চোখে পড়েছে, সেটা হল তাঁর ব্যাটিংয়ের ধরন। হিটম্যানকে যেন চার ম্যাচের কোনওটিতেই স্বচ্ছন্দ লাগেনি। কখনও মনে হয়নি তিনি সেট, বড় রান করতে পারেন।
রোহিতের এই ব্যর্থতা স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপে রোহিতের থাকার সম্ভাবনা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। সুইং বোলিংয়ের সামনে তাঁর দুর্বলতা দক্ষিণ আফ্রিকার মাটিতেও একইভাবে ভোগাবে। তাছাড়া ভুলে গেলে চলবে না বিশ্বকাপ পর্যন্ত রোহিতের বয়স ৪০ পেরোবে। এদিকে যশস্বী জয়সওয়ালের মতো ফর্মে থাকা ওপেনার সাইডলাইনে অপেক্ষা করছেন। ফলে বিশ্বকাপে রোহিতের খেলা নিয়ে সংশয় অনেকটা বাড়িয়ে দিল কিউয়ি সিরিজ। অবশ্য রোহিত একা নন, নিউজিল্যান্ডের সুইংয়ের সামনে টিম ইন্ডিয়ার গোটা ব্যাটিং বিভাগ ডুবিয়েছে। বিরাট কোহলির সেই প্রথম ম্যাচের ভালো ইনিংস বাদ দিলে তিনিও ব্যর্থ। ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৮৬ রান। যদিও বিরাটের বিশ্বকাপে খেলা নিয়ে এখনও কোনও প্রশ্নচিহ্ন নেই।
তবে শুধু ‘বৃদ্ধ’দের দোষ ধরেও লাভ নেই। কারণ গোটা সিরিজে সার্বিকভাবেই ভারতের ব্যাটিং বিপর্যয় হয়েছে। রবিবারই যেমন আগে ব্যাট করে টিম ইন্ডিয়া অল আউট হল মোটে ২০৯ রানে। একটা সময় মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। রোহিত-বিরাট-রুতুরাজ কার্যত গোটা টপ অর্ডার ব্যর্থ। অধিনায়ক শ্রেয়স করেন মোটে ২২ রান। মাঝের দিকে অক্ষর প্যাটেল এবং ঈশান কিষান কিছুটা পালটা লড়াই না করলে আরও লজ্জার মুখে পড়তে হত ভারতকে। ওই দুই ব্যাটারই ৪৬ রান করে করেন। তাঁদের জুটি ভারতকে ১৬০ রানে টেনে নিয়ে যায়। অক্ষর আউট হওয়ার পর নমন ধীর করেন ২২ রান। শেষ উইকেটের জুটিতে মহম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং ২৬ রান যোগ করে কিছুটা সম্মান বাঁচিয়েছেন ভারতের। সেই সঙ্গে নিজেদের জন্য রানের পুঁজিও তৈরি করেছেন।
শেয়ার
লিংক



