0%

‘অনেক সময় আছে টাকা কামানোর’, অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নদের আর্থিক পুরস্কার দেবে না বোর্ড!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়। হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে বাঁধনহারা উচ্ছ্বাসে মেতেছে বয়েজ ইন ব্লু। তাদের সেলিব্রেশন নিয়ে চলছে জোর বিতর্কও। এহেন পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। সাফ জানিয়ে দিলেন, তরুণ তুর্কিদের আলাদা করে আর্থিক পুরস্কার দেওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ আগামী দিনে বহু অর্থ উপার্জনের সুযোগ আসবে এই তরুণ ক্রিকেটারদের সামনে।

বড় কোনও টুর্নামেন্ট জিতলে ভারতীয় দলের জন্য আলাদা করে আর্থিক পুরস্কারের ঘোষণা করে বিসিসিআই। কিন্তু শনিবার ভারতের অনূর্ধ্ব ১৯ দল এশিয়া কাপ জিতলেও আলাদা করে বোর্ডের তরফ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়নি। কেন এমন সিদ্ধান্ত? বেশ কড়া সুরেই একটি সংবাদমাধ্যমকে সাইকিয়া বলেন, “ওরা এখন বয়সে অনেক ছোট। তাই প্রাইজ মানি বা আর্থিক লাভের মতো বিষয়গুলো দয়া করে ওদের মাথায় ঢোকাবেন না। এখন ওদের ফোকাস থাকা উচিত শুধুমাত্র খেলায়। গোটা জীবন পড়ে রয়েছে অর্থ উপার্জনের জন্য, প্রাইজ মানি পাওয়ার জন্য। কিন্তু আজ ওদের যে অভিজ্ঞতা হল, ওরা ম্যাচ জেতানোর যে আত্মবিশ্বাস পেল, সেটা ওদের আগামী দিনে কেরিয়ার গড়তে অনেকটাই সাহায্য করবে।

আসলে শনিবার ওমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একপ্রকার অসম্ভবকে সম্ভব করে জিতেছে। ৩৩৮ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের রান ছিল ৮ উইকেট হারিয়ে ২৫২ রান। ৫১ বলে দরকার ছিল ৮৬। ম্যাচ জেতা অসম্ভব মনে হচ্ছিল। সেখান থেকে রুদ্ধশ্বাস কামব্যাক। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। হাতে মাত্র এক উইকেট। শেষ বলে দরকার তিন রান। আহমেদ হুসেনের বল সপাটে লংঅফে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় মোহিত। এক উইকেটে ম্যাচ জেতে ভারত।

স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে থাকা অবস্থা থেকে কামব্যাক করে ওই জয়ের পর আনন্দও কিছুটা বাঁধন হারা হয়েছে। আবেগ সামলাতে পারেনি মোহিতরা। ‘চিরশত্রু’ পাক ড্রেসিংরুমের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করে বসেছেন কেউ কেউ। পাক ক্রিকেটারদের সামনে গিয়েও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে অনেককে। সেসব ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, বাঁধনভাঙা উচ্ছ্বাসের ‘শাস্তিস্বরূপ’ পুরস্কারমূল্য থেকে বঞ্চিত হলেন তরুণ ক্রিকেটাররা?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker