‘প্রিয়’ কলকাতা ফেরাল বিধ্বংসী সূর্যকে, চার-ছক্কার বন্যায় ফের মুম্বইকে জিতিয়ে কামব্যাকের বার্তা!

বিশ্বকাপ জিতিয়েও ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। মাঝে দীর্ঘসময় অফ ফর্ম চলছিল। কিন্তু কলকাতা ফিরিয়ে দিল ভিন্টেজ সূর্যকুমার যাদবকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বহু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যাদবপুর ক্যাম্পাসের মাঠে পরপর মুম্বইকে ম্যাচ জেতালেন সূর্য। এদিন তাঁর ব্যাট থেকে এল ২৯ বলে ৮১ রান। যা দেখে সূর্যকে ফের জাতীয় দলে ফেরানোর দাবি জানাচ্ছেন অনেকে।
প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২১ বলে অপরাজিত ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বিশ্বজয়ী অধিনায়ক। তারপর মানিকদার ক্যান্টিনে মাটিতে বসে রুটি ও খাসির মাংস খান। এদিন ফের বিস্ফোরণ দেখা গেল সূর্যর ব্যাটে। গুজরাটের বিরুদ্ধে কঠিন লড়াই ছিল মুম্বইয়ের। প্রথমে ব্যাট করে গুজরাট তোলে ১৯৭ রান। ৩ উইকেট ছিল শার্দূল ঠাকুরের। জবাবে শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। অঙ্গকৃষ রঘুবংশী ও মুশির খান তাড়াতাড়ি আউট হয়ে যান।
সেখান থেকে হাল ধরেন সূর্য। রবি বিষ্ণোইদের বোলিংকে পালটা আক্রমণ করা শুরু করেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৮২ রান করেন। স্ট্রাইক রেট ২৮২.৭৬। তাঁর ব্যাট থেকে আসে ৯টা চার ও ৭টা ছক্কা। যখন আউট হন, তখন মুম্বইয়ের রান ১০ ওভারে ছিল ১৩৪। অর্থাৎ জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিলেন মুম্বই অধিনায়ক। সেখান থেকে কাজটা তাড়াতাড়ি শেষ করেন সরফরাজ খান। তিনি ১৭ বলে ৪০ রান করেন। ২৬ বল বাকি থাকতে ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে যায় মুম্বই।
সূর্যর ব্যাটে পরপর বিধ্বংসী ইনিংস দেখে, তাঁকে ফের জাতীয় দলে ফেরানোর দাবি তুলেছেন অনেকে। স্কাই নিজেও হাল ছাড়ার পাত্র নন। আগের ম্যাচের পর বলেছিলেন, “জাতীয় দলে ডাক পাওয়ার আগে আমি যেমন ছিলাম, এখন আবার তেমন হয়েছি। ভারতীয় ড্রেসিংরুমে ফেরার লক্ষ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছি। আর জাতীয় দলে ফিরতে হলে আবার দরজা ভাঙতে হবে!” সূর্য কিন্তু দরজায় বেশ জোরেই আঘাত করছেন।
শেয়ার
লিংক



