দোহা বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের নজির, প্রথম যোগ্যতা অর্জন পর্বেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের তিনটি কোটা

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত সূচনা করল ভারত। কাতারের দোহায় আয়োজিত আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশনের (আইএসএসএফ) বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি অলিম্পিক কোটা নিশ্চিত করেছেন ভারতীয় শুটাররা। গত পাঁচটি অলিম্পিক চক্রের মধ্যে প্রথম যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় এটাই ভারতের সেরা সাফল্য।
২০১২ সালের লন্ডন অলিম্পিক থেকে শুরু করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত পাঁচটি ধারাবাহিক অলিম্পিক চক্রে এই প্রথম প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই তিনটি কোটা পেল ভারত। রাইফেল, পিস্তল ও শটগান—তিনটি বিভাগেই পদক জয়ের সুবাদে এই সাফল্য এসেছে।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতেছেন জয়পাল মালভিয়া। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পেয়েছেন নিরজ কুমার। অন্যদিকে পুরুষদের ট্র্যাপ বিভাগে রুপোর পদক জিতে ভারতের তৃতীয় অলিম্পিক কোটা নিশ্চিত করেছেন বিবান কাপুর।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) সভাপতি কালিকেশ নারায়ণ সিং দেও। তিনি বলেন, প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেই তিনটি অলিম্পিক কোটা পাওয়া ভারতীয় দলের কাছে অত্যন্ত বড় প্রাপ্তি। সবচেয়ে আনন্দের বিষয়, রাইফেল, পিস্তল ও শটগান—তিনটি বিভাগ থেকেই পদক এসেছে।
তিনি আরও বলেন, সাধারণত কয়েকটি বিশ্বকাপ প্রতিযোগিতার পর অলিম্পিক যোগ্যতা অর্জনের লড়াইয়ে গতি আসে। কিন্তু প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপেই তিনটি কোটা পাওয়ায় দলের উপর চাপ অনেকটাই কমবে। পাশাপাশি লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রস্তুতি পরিকল্পনা করার জন্য কোচিং স্টাফরাও পর্যাপ্ত সময় পাবেন।
দোহায় ভারতের এই সাফল্য আগের চারটি অলিম্পিক চক্রের প্রথম যোগ্যতা অর্জন প্রতিযোগিতার ফলাফলকেও ছাপিয়ে গিয়েছে। লন্ডন অলিম্পিকের আগে ২০১০ সালের মিউনিখ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত দুটি কোটা পেয়েছিল। ২০১৬ সালের রিও অলিম্পিকের আগে ২০১৪ সালের গ্রানাডা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাওয়া গিয়েছিল একটি কোটা।
টোকিও অলিম্পিকের আগে ২০১৮ সালের চ্যাংওন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত দুটি কোটা অর্জন করেছিল। অন্যদিকে প্যারিস অলিম্পিকের আগে ২০২২ সালে ওসিয়েক শটগান বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কায়রো রাইফেল-পিস্তল বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে দুটি কোটা পেয়েছিল ভারত।
এনআরএআইয়ের সাধারণ সম্পাদক পবনকুমার সিং বলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিক কোটা অর্জন করা অত্যন্ত কঠিন, কারণ বিশ্বের সেরা শুটাররা এই প্রতিযোগিতায় অংশ নেন। জয়পাল, নিরজ ও বিবান অত্যন্ত চাপের মধ্যেও নিজেদের সংযত রেখে এই সাফল্য অর্জন করেছেন। গত কয়েক মাস ধরে কোচ এবং উচ্চক্ষমতাসম্পন্ন প্রশিক্ষণ দল নেপথ্যে কঠোর পরিশ্রম করেছেন।
তিনটি অলিম্পিক কোটা অর্জনের পাশাপাশি দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক তালিকাতেও দ্বিতীয় স্থান অর্জন করেছে ভারত। প্রতিযোগিতা শেষে ভারতের ঝুলিতে রয়েছে মোট ১৩টি পদক। এর মধ্যে দুটি সোনা, সাতটি রুপো এবং চারটি ব্রোঞ্জ।



