0%

হাইকোর্টে দোষী সাব্যস্ত, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট! আদালত অবমাননার মামলায় স্বস্তি কুণালের

SOBDIK NEWS: আদালত অবমাননা মামলায় দোষী সাব্যস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে স্বস্তি পেলেন তিনি। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। ফেসবুকের মাধ্যমে সেই খবর নিজেই জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক।

সুপ্রিম-স্বস্তি পেলেন কুণাল ঘোষ | (Kunal Ghosh)

হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কুণাল। সোমবার সেই মামলার শুনানি ছিল। আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বিবেচনায় বিষয়টি আনেন।

এরপরেই হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি সংশ্লিষ্ট শিবিরকে নোটিস জারি করার নির্দেশও দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ সরকারি হাসপাতাল থেকে মুছতে চলেছে নীল-সাদা রং! ডেডলাইন বেঁধে বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের

বেলেঘাটার বিধায়ক লেখেন, “যে বা যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে মামলা সাজিয়েছিলেন, তাঁরা আজ একটু দুঃখ পাবেন। আমি আদালত মানি। বিশেষ বেঞ্চের তিন বিচারপতিকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁদের রায়ে আমি ন্যায়বিচার পাইনি মনে করি। তাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আইনি লড়াই চলবে।“

২০২৫ সালের এপ্রিল মাসের মামলা। হাইকোর্টের তৎকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছিলেন। রাজ্যের তৎকালীন এজি কিশোর দত্ত সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানান। জবাবে বিচারপতি বসু স্পষ্ট বলেন, লিখিত আকারে রাজ্যকে এই আবেদন পেশ করতে হবে।

এরপর হাইকোর্ট চত্বরে চাকরিপ্রার্থীদের একাংশ বিক্ষোভ শুরু করেন। এই নিয়ে নিজের মতামত দিয়েছিলেন কুণাল। তাতেই আদালত অবমাননা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিল হাইকোর্ট।

উচ্চ আদালতের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। এবার সেই মামলায় স্বস্তি পেলেন তিনি। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারির পাশাপাশি সংশ্লিষ্ট শিবিরকে নোটিস জারি করার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker