0%

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তুললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। মাত্র ৪১ বলে করলেন শতরান। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে একের পর এক ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারদের কার্যত দিশেহারা করে দিলেন মধ্যপ্রদেশের অধিনায়ক। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের বিরুদ্ধে রেকর্ড রান তুলল মধ্যপ্রদেশ। শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়, এই ইনিংসের হাত ধরেই টুর্নামেন্টের ইতিহাসে নতুন নজির গড়ল দল। 

সোমবার (১৬ নভেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে অসমের মুখোমুখি হয়েছিল মধ্যপ্রদেশ। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অসম। ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভাল হয়নি মধ্যপ্রদেশের। মাত্র ৫৭ রানের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। সেই পরিস্থিতিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক রজত পতিদার। এরপরই শুরু হয় পতিদারের বিধ্বংসী ব্যাটিং। অসমের বোলারদের উপর কার্যত ঝড় বইয়ে দেন তিনি। মাত্র ৪১ বলে নিজের শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ১৩৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং ১৩টি ছক্কা। অর্থাৎ, মাত্র ২১টি বল বাউন্ডারি পার করেই  ১১০ রান সংগ্রহ করেন এই তারকা ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮১.২৫।   

আরও পড়ুন: দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

অন্যদিকে, পতিদারকে সঙ্গ দেন শিবাং কুমার। ৩৮ বলে ৬১ রান করেন তিনি। দু’জনের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় মধ্যপ্রদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫০ রান তোলে দল।  এই ইনিংসে একাধিক নজির গড়েছেন পতিদার। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে মধ্যপ্রদেশের হয়ে শতরান করা প্রথম ব্যাটার হলেন তিনি। পাশাপাশি, এই প্রতিযোগিতায় মধ্যপ্রদেশের সর্বোচ্চ দলীয় রানও এটি। ১৩টি ছক্কা হাঁকিয়ে মধ্যপ্রদেশের হয়ে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নজিরও গড়েছেন তিনি।

The post ৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker