0%

বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই দণ্ডিতের সাজা স্থগিত, জামিন দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : ২০০২ সালের গোধরা-পরবর্তী দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির সাজা স্থগিত করে তাঁদের জামিন দিল সুপ্রিম কোর্ট। বম্বে হাইকোর্টের দণ্ডাদেশ ও যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে সোমবার এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ বিপিনচন্দ্র কানাইয়ালাল যোশী ওরফে লালা ডাক্তার এবং প্রদীপ রামনলাল মোঢিয়াকে এই জামিন দিয়েছে।

আদালত জানিয়েছে, দুই আবেদনকারী ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার। আদালতের পর্যবেক্ষণ, “পক্ষগুলির বক্তব্য শোনার পর এটুকু বলা যায় যে, আবেদনকারীরা ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন এবং তাঁদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার। আপিলে তথ্য ও আইন—উভয় ক্ষেত্রেই বিবেচনার মতো বিষয় রয়েছে।”

শীর্ষ আদালত দুই ব্যক্তির সাজা স্থগিত করার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টের নির্ধারিত শর্তসাপেক্ষে তাঁদের জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাঁদের আপিল গ্রহণ করে যথাসময়ে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি সুন্দরেশের নেতৃত্বাধীন বেঞ্চ।

আবেদনকারীদের হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, দুই দণ্ডিতই ১৭ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন। তাঁদের মধ্যে একজনের নাম এফআইআরে ছিল না এবং ঘটনার প্রায় তিন বছর পর তাঁকে মামলায় অভিযুক্ত করা হয়েছিল বলেও আদালতে উল্লেখ করেন তিনি। পাশাপাশি একজনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টিও তুলে ধরেন আইনজীবী।

অন্যদিকে, গুজরাট সরকারের হয়ে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা ঠাকরে এই আবেদনের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, অপরাধের গুরুত্ব বিবেচনা করে ট্রায়াল কোর্ট এবং হাইকোর্ট উভয়ই মামলার প্রাসঙ্গিক নথি ও তথ্য খতিয়ে দেখেই রায় দিয়েছিল।

২০০২ সালের ফেব্রুয়ারিতে গোধরা ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনার পর গুজরাটে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। সেই সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়। তাঁর পরিবারের একাধিক সদস্যকে হত্যা করা হয়, যাঁদের মধ্যে ছিল তাঁর তিন বছরের শিশুকন্যাও।

এই মামলায় দুই আবেদনকারীকে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩০২-এর সঙ্গে ১৪৯ ধারা এবং ৩৭৬(২)(ই) ও ৩৭৬(২)(জি) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। ২০১৭ সালের ৪ মে বম্বে হাইকোর্ট ট্রায়াল কোর্টের দেওয়া দোষী সাব্যস্ত করার রায় এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখে।

২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট এই মামলায় গুজরাট সরকারের দেওয়া ১১ জন দণ্ডিতের সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করে দেয়। শীর্ষ আদালত জানায়, সাজা মকুবের নির্দেশ দেওয়ার এক্তিয়ার গুজরাট সরকারের ছিল না। পাশাপাশি দণ্ডিতদের জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এর আগে ২০০৪ সালে নিরপেক্ষ বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট মামলার বিচার গুজরাট থেকে মুম্বইয়ে স্থানান্তর করেছিল। ২০০৮ সালে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত ১১ জন অভিযুক্তকে গণধর্ষণ ও হত্যার মতো অপরাধে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker