পোড়েলের হাফসেঞ্চুরির পর মুকেশ-করণদের বোলিং বিক্রম, মুস্তাক আলিতে বিরাট জয় বাংলার

প্রথম ম্যাচে হারের ধাক্কা ভুলে জয়ের রাস্তায় বাংলা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) চণ্ডীগড়কে বিরাট ব্যবধানে হারাল লক্ষ্মীরতন শুক্লার দল। অভিষেক পোড়েলের হাফসেঞ্চুরির পর আসল ‘খেল’ দেখাল বাংলার বোলাররা। যার সুবাদে চণ্ডীগড়ের বিরুদ্ধে ৮৫ জিতলেন অভিমন্যু ঈশ্বরণরা।
এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলা। আগের ম্যাচে ওপেনিং জুটি ভুগিয়েছিল। এদিন অবশ্য আর সেটা হয়নি। রনজির মতো মুস্তাক আলিতেও রানের দেখা পেলেন অভিষেক। এদিন তাঁর ব্যাট থেকে এল ২৬ বলে ৫৩ রান। ৫টা চারের পাশাপাশি তিনি ৩টি ছক্কা হাঁকান। সঙ্গ দেন করণ লালও (২৩)। তাঁরা ফিরে গেলেও রানের গতি থামতে দেননি অভিমন্যু ঈশ্বরণ (২৯), শাকির গান্ধিরা (৩৪)। শেষদিকে ঝোড়ো ইনিংস খেলে বাংলার রান ২০০-তে পৌঁছে দেন ঋষভ চৌধুরী (১৯ বলে ৩৩)।
জবাবে মুকেশ কুমারদের বোলিং বিক্রমের কাছে পরাস্ত হয় চণ্ডীগড়। ম্যাচের দ্বিতীয় ওভারেই অভিজ্ঞ মনন ভোহরাকে ফিরিয়ে দেন মুকেশ। এরপর ধারাবাহিক ব্যবধানে চণ্ডীগড়ের উইকেট পড়তে থাকে। ২.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মুকেশ। সামনেই আইপিএলের রিটেনশন। তার আগে আগুনে ফর্মে বার্তা দিয়ে রাখলেন বাংলার পেসার। অন্যদিকে শামি ১ উইকেট পেলেও এদিন ফের রান খরচ করেছে। তবে প্রদীপ্ত প্রামাণিক ও করণ লালদের ঘূর্ণির জবাব ছিল না চণ্ডীগড়ের ব্যাটারদের কাছে। প্রদীপ্ত ৩৮ রান দিয়ে ২ উইকেট পান। আর মাত্র ২৪ রান দিয়ে করণের শিকার ৩ উইকেট। শেষ পর্যন্ত মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় চণ্ডীগড়। বাংলা ম্যাচ জেতে ৮৫ রানে।



