কলকাতার আসন পুনর্বিন্যাস মামলায় নয়া মোড়! সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের

SOBDIK NEWS: কলকাতার আসন পুনর্বিন্যাস (Kolkata Ward Delimitation) নিয়ে টানাপড়েন চলছেই। কলকাতা হাইকোর্ট হয়ে এই জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি মমতা তৃণমূলের তরফেও আলাদাভাবে একটি আবেদন জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল অভিষেকের | (Abhishek Banerjee)
রাজ্যে পালাবদলের পরেই কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ইতিমধ্যেই কলকাতার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়ে শুরু থেকেই সরব বিরোধীরা।
পরবর্তীতে হাইকোর্টে মামলা হলে আদালত জানায়, কলকাতার আসন পুনর্বিন্যাস তথা ডিলিমিটেশন সংক্রান্ত এই মামলার রায়দানের আগে পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। ইতিমধ্যেই এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত প্রধান সচিব। সূত্রের খবর, শীঘ্রই এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাজার ফুটের মধ্যে মদের দোকান নয়! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
এবার সেই শুনানি যাতে আগেভাগে না হয়, সেই জন্য ক্যাভিয়েট দাখিল করে রাখলেন অভিষেক। আবেদনে জানানো হয়েছে, আপাতত হাইকোর্টের নির্দেশ বহাল থাকুক। পাশাপাশি একতরফা শুনানি করে যাতে কিছুতেই নির্দেশ না দেওয়া হয় ও সবপক্ষের বক্তব্য শোনার পরেই যাতে মামলার শুনানি হয় সেই আবেদনও জানানো হয়েছে।
কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস আইন মেনে না হওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন কসবা নিবাসী সিপিএমের দীপু দাস। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ সেই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে দু’পক্ষের থেকে হলফনামা চেয়েছিল। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারী।
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলার রায়দানের আগে পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। সেই রায় চ্যালেঞ্জ করে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এবার ক্যাভিয়েট দাখিল করলেন মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।



