‘ষড়যন্ত্র একাই করেছিলাম’, পান্নুনকে খুনের ছকের কথা স্বীকার নিখিলের, ক্ষমা চেয়ে চিঠি মার্কিন আদালতে

একাই খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্র করেছিল বলে জানালেন নিখিল গুপ্ত। পান্নুন খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। নিউ ইয়র্কের এক আদালত তাঁকে দোষীও সাব্যস্ত করেছে। আগামী ২০ নভেম্বর সাজা ঘোষণার কথা। তার আগেই নিউ ইয়র্কের আদালতে আমেরিকার জেলা আদালতের বিচারক ভিক্টর মারেরো-কে একটি চিঠি লিখেছে গুপ্ত। আর সেখানেই নিজের কৃতকর্মের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছে সে। নিখিল (Nikhil Gupta) জানিয়েছে, পান্নুনকে খুনের ছক তিনি একাই কষেছিলেন।
চিঠিতে দুঃখপ্রকাশ করে বছর ৫৫-র নিখিল লিখেছে, “মাথার ঠিক ছিল না আমার। এখন মনে হয়, যদি ২০২৩ সালে ফিরে যেতে পারতাম…যদি নিজের ভুলগুলো শুধরে নিতে পারতাম। এখন পিছনে ফিরে তাকালে নিজেকে চিনতে পারি না। ২০২৩ সালের গোড়ার দিকে আমাকে দেখে সকলের মনে হত, সব ঠিক আছে। কিন্তু ভিতরে, ভিতরে ভেঙে পড়েছিলাম।” চিঠিতে সে দাবি করেছে, কীভাবে সেই সময় মদে আসক্ত হয়ে পড়েছিল। নিজের সঙ্গে নিজের লড়াই চলছিল তার। এমনকী হাজতবাসের গোড়ার দিকে সে এতটাই ভেঙে পড়েছিল যে একাধিক বার নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও মাথায় এসেছিল তার। ভেবেছিল, আত্মহত্যা করবেন। কিন্তু পরে ধীরে ধীরে পরিস্থিতি বদলায়। প্রথমে চেক রিপাবলিকের নির্জন কারাবাসে এবং পরে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে থাকার সময় সে ধীরে ধীরে যোগব্যয়াম, ধ্যান, আধ্যাত্মিকতার প্রতি ঝোঁকে।
প্রসঙ্গত, খলিস্তানি নেতা পান্নুনকে ২০২৩ সালে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে নিখিলের বিরুদ্ধে। তারপর ধরা পড়ে সে। ওই বছরেরই জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন তদন্তকারীরা নিখিলকে গ্রেফতার করেন এবং আমেরিকায় নিয়ে যান। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজের অপরাধ স্বীকার করে নিখিল। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ওই আদালত।
তার আগে নিউ ইয়র্কের আদালতে আমেরিকার সরকারি আইনজীবী বিচারকের কাছে নিখিলের ২৯৩ মাস বা ২৪ বছরের বেশি কারাদণ্ডের আর্জি জানিয়েছেন। তবে নিখিলের তরফে সাজা কমানোর আবেদন করা হয়েছে। নিখিলের আইনজীবীর আবেদন, তাঁর মক্কেলকে ১২ বছর কারাবাসের সাজা শোনানো হোক।
আগামী ২০ নভেম্বর সাজা ঘোষণার আগে সম্প্রতি নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি আদালতে স্মারকলিপি জমা করেছে নিখিলের আইনজীবী। সেখানে আবেদন জানানো হয়েছে যে, নিখিলকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হোক। ইতিমধ্যেই সেই আর্জিতে সমর্থন জানিয়েছে আদালতের একটি দপ্তর। প্রসঙ্গত, পান্নুনকে খুনের ষড়যন্ত্রে বিকাশ যাদব নামে আরও এক জনের নামও জড়িয়েছিল।
শেয়ার
লিংক



