দীপাবলিতে ভারতীয় ক্রিকেটারদের অকথ্য গালিগালাজ! পাক দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দীপাবলির দিনে পাকিস্তানিরা কটাক্ষ করেছিল। গালিগালাজ করেছিল। শুধু সেটুকুরই পালটা জবাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। শনিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (U19 Asia Cup) জিতে বয়েজ ইন ব্লুর সেলিব্রেশন নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। বিশেষত পাক ক্রিকেটমহল থেকে দাবি করা হয়েছে, ভারতের তরুণ তুর্কিরা অসংযত আচরণ করেছে। যদিও যশবীর গৌড়রা নিজের অবস্থানে অনড়। এবার পাক ক্রিকেটারদের অভব্য আচরণের কথা ফাঁস করল ভারতের তরুণ ব্রিগেড।
গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচের স্মৃতি উসকে যশবীর জানিয়েছে, “আমরা তো দীপাবলির দিনে ম্যাচ হেরেছিলাম। সেদিনও দুপক্ষে উত্তপ্ত বাক্য় বিনিময় হয়েছিল। গালিগালাজও হয়। সেদিন হেরেছিলাম বলে কিছু বলতে পারিনি। ফাইনালের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের একটাই লক্ষ্য ছিল, খুব ভালো পারফর্ম করতে হবে আর দেখিয়ে দিতে হবে ভারত ঠিক কী করতে পারে।” হাড্ডাহাড্ডি ফাইনালে শেষ বলে চার মেরে ভারতকে জিতিয়েছে মোহিত উলভা। তার কণ্ঠেও একই সুর।
মোহিতের কথায়, “ভারত বনাম পাকিস্তান ম্যাচে এরকম উত্তেজনা হয়েই থাকে। তার উপর এটা ছিল ফাইনাল। ওরাও খুব আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেট করেছিল গ্রুপ পর্বের ম্যাচের পর। তবে আমরা কিন্তু সেই নিয়ে মাথা ঘামাইনি। এবার আমরাও একইভাবে জবাব দিয়েছি। নিজেদের জয় সেলিব্রেট করেছি। আবেগ, আগ্রাসন সবই ছিল আমাদের। কিন্তু কোনওটাই ওদের দেখিয়ে করিনি। নিজেদের মধ্যেই সেলিব্রেশন চলছিল, এবং সমস্তটাই ঘটেছে অত্যন্ত স্বাভাবিকভাবে।”
প্রসঙ্গত, শনিবার ওমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একপ্রকার অসম্ভবকে সম্ভব করে জিতেছে। স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে থাকা অবস্থা থেকে কামব্যাক করে ওই জয়ের পর আনন্দও কিছুটা বাঁধন হারা হয়েছে। আবেগ সামলাতে পারেনি মোহিতরা। ‘চিরশত্রু’ পাক ড্রেসিংরুমের উদ্দেশ্যে কুরুচিকর ইঙ্গিত করে বসেছেন কেউ কেউ। পাক ক্রিকেটারদের সামনে গিয়েও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে অনেককে। সেসব ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু ভারতের তরুণ ব্রিগেড সেসবে পাত্তা দিচ্ছে না।
শেয়ার
লিংক



