0%

‘টাকার জন্য আত্মজীবনী লিখিনি’, স্যান্ডপেপারগেট নিয়ে ফের বিস্ফোরক খোয়াজা

আট বছর আগের কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড নিয়ে উত্তাল ক্রিকেটমহল। প্রতিদিনই সামনে আসছে নিত্য নতুন তথ্য। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজা (Usman Khawaja)। বলেছেন, গোটা দলের সম্মতিতেই স্যান্ডপেপারগেট ঘটেছিল। দলের পেসাররা বিশেষ করে সবটাই জানতেন। তাঁর দাবি মিথ্যা বলে পালটা দিয়েছিলেন প্যাট কামিন্স। এই আবহে অনেকেই তোপ দেগেছেন, খোয়াজা নাকি তাঁর আত্মজীবনী ‘সবর’-এর প্রচারের বাণিজ্যিক স্বার্থে এসব করছেন। যদিও প্রাক্তন অজি ওপেনার সেই অভিযোগ অস্বীকার করেছেন।

অ্যান্টোয়ানেট লাতুফের ‘উই ইউজড টু বি…’ পডকাস্টে খোয়াজা বলেন, “আমি কৃতজ্ঞ। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন। আমার অর্থের প্রয়োজন নেই। জীবনে আরও টাকা এলেও আমার জীবন আর বদলে যাবে না। অনেকদিন ধরেই ওয়ার্নারকে একটা কথা দিয়েছিলাম। আটটা বছর ধরে এই ঘটনার বোঝা বয়ে বেড়াতে হচ্ছে ওকে। আমার বইয়ে কী আছে, তা আমি ডেভিডকে দু’মাস আগে পর্যন্তও বলিনি।” খোয়াজার দাবি, ঘটনার সমস্ত দোষ নিজ কাঁধে নিয়েছিলেন স্টিভ স্মিথ। এ ব্যাপারে কারও বারণ শোনেননি।

প্রাক্তন অজি ওপেনার জানিয়েছেন, স্যান্ডপেপারগেট কাণ্ডের পর স্মিথের সঙ্গে তাঁর ঝগড়াও হয়। এমনকী সংবাদমাধ্যমকে সমস্ত কিছু জানিয়ে দেবেন বলেও সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু বাঁহাতি ব্যাটারকে বাধা দেন স্মিথ। এরপর সমস্ত দোষ নিজের কাঁধে নেন। পরবর্তীতে স্মিথের সঙ্গে শাস্তিও হয় ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। যদিও সেই শাস্তিতে ব্যথিত খোয়াজা। তাঁর মতে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছিল তাঁদের। খোয়াজার কথায়, “স্মিথের শাস্তি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ওকে বলেছিলাম, সংবাদমাধ্যমকে সব কিছু বলে দেব। কিন্তু ও একজন ভালো মানুষ। আমাকে এসব নিয়ে মাথা না ঘামানোর কথা বলেছিল। নিজের কাঁধেই সব দোষ নিয়েছিল। ওর সঙ্গে এ ব্যাপারে তর্ক পর্যন্ত হয়েছে। ওর কোনও দোষ ছিল না।”

কেপ টাউনের সেই ঘটনার পর অধিনায়কত্ব থেকে বরখাস্ত হন। পাশাপাশি এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন স্মিথ। একই শাস্তি পেয়েছিলেন তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ক্যামেরন ব্যানক্রফটকে নির্বাসিত করা হয়েছিল ৯ মাসের জন্য। ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলে এসেছেন স্মিথ। দু’টো ম্যাচ খেললেও ব্যাটে রান আসেনি। চার ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৮৩ রান। প্রথম টেস্টে দু’ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২৫ ও ২৭ রান। দ্বিতীয় টেস্টে যথাক্রমে ২৮ ও ৩। এই টেস্ট সিরিজে ২৮ রান করার পথে তিনি টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। স্মিথের সঙ্গে কথা হয়েছে খোয়াজার? প্রাক্তন তারকা বলেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলছিল। ও একটু বিব্রত হয়েছিল। টেস্টের পর ওর সঙ্গে কথা হয়েছিল। তবে দু’সপ্তাহ আগে ওয়ার্নারের সঙ্গে কথা হয়।” উল্লেখ্য, কামিন্সের সাংবাদিক সম্মেলনের আগে পডকাস্টটি রেকর্ড করা হলেও সোমবার তা প্রকাশ করা হয়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker