0%

ছক্কার বৃষ্টিতে নয়া নজির, ভারতীয় দলকে ‘প্রত্যাখ্যান’ করে মুস্তাক আলিতে বিধ্বংসী কোহলিদের নেতা

আর কিছুদিন পরই আইপিএলের মিনি নিলাম। আরসিবি অধিনায়ক রজত পাতিদারকে (Rajat Patidar) যে রিটেন করা হবে, তা আগেভাগেই বলে দেওয়া যায়। কেন দলে রাখা হবে, সেটা প্রমাণ করে দিলেন বিরাট কোহলিদের নেতা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাত্র ৪৮ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি। অধিনায়কের সেঞ্চুরিতে অসমের বিরুদ্ধে মধ্যপ্রদেশ সহজেই জিতল। আর সেই সঙ্গে নয়া নজির গড়লেন রজত।

কিছুদিন আগেই ভারতীয় ‘এ’ দলে ডাক পেয়েছিলেন। যুব এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়কও ছিলেন। কিন্তু আচমকাই দল থেকে নাম প্রত্যাহার করে নেন। বিসিসিআইকে তিনি জানিয়েছেন, চোটের জন্য ৫০ ওভারের টুর্নামেন্ট খেলবেন না। বরং টি-টোয়েন্টি ফরম্যাটের মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেবেন। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, তা রজতের নজির গড়া ইনিংস দেখেই বোঝা গেল।

মুস্তাক আলি ট্রফির এলিট সি গ্রুপে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অসম। আরসিবি’র মতো এখানেও মিডল অর্ডারে নেমে ফিনিশারের দায়িত্ব পালন করেন রজত। একটা সময় ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল মধ্যপ্রদেশ। সেখান থেকে খেলা ঘুরিয়ে দেন। শিবাঙ্গ কুমারের সঙ্গে জুটিতে ৬২ বলে ১৫৩ রান ওঠে। রজতের আক্রমণে দিশাহারা হয়ে যায় অসম বোলিং।

শেষ পর্যন্ত ৪৮ বলে ১৩৫ রানে অপরাজিত থাকেন আরসিবি অধিনায়ক। তাঁর ব্যাট থেকে আসে ৮টা চার ও ১৩টা ছক্কা। তার মধ্যে এক ওভারেই ছিল ৪ ছক্কা। মধ্যপ্রদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে সেঞ্চুরি করলেন। পাশাপাশি ওই রাজ্যের আর কোনও ব্যাটার এই টুর্নামেন্টের এক ম্যাচে এত ছক্কা হাঁকাতে পারেননি। মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন। আর গোটা ইনিংসে ছিল মাত্র পাঁচটা ডট বল। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ২৫০ রান তোলে মধ্যপ্রদেশ। জবাবে অসমের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৯ রানে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker