বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড পুলিশের

ঢাকা, ১৬ নভেম্বর : বাংলাদেশের গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভরত পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সোমবার কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ। দুটি পোশাক কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কোনাবাড়ি-কাসিমপুর সড়ক অবরোধ করেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।
বাংলাদেশের সংবাদপত্র ‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কোনাবাড়ির এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কর্মস্থলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। পরে শ্রমিকরা এলাকা ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মহম্মদ আমজাদ হোসেন সংবাদপত্রকে জানান, এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা বিক্ষোভের জন্য জড়ো হয়েছিলেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, শ্রমিক অসন্তোষ এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে রবিবার থেকে অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিকদের উপর হিংসার ঘটনার নিন্দা জানিয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ন্যায্য মজুরি এবং মৌলিক শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে শ্রমিকদের আন্দোলন ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল।
সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ হিংসাত্মক রূপ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য-সহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতির জেরে ২০০টিরও বেশি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। শ্রমিকদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা।
এইচআরডব্লিউ জানিয়েছিল, বেশি মজুরির দাবিতে আন্দোলনরত হাজার হাজার পোশাক শ্রমিককে ছত্রভঙ্গ করতে বাংলাদেশ পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
এছাড়া কারখানার মালিক ও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওঠা কিছু ব্যক্তির মাধ্যমে শ্রমিকদের উপর হামলা, কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের উপর আক্রমণের ঘটনাও সামনে এসেছে বলে জানিয়েছিল মানবাধিকার সংগঠনটি।
এইচআরডব্লিউ-র বক্তব্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে, পুলিশ যেন কেবল প্রয়োজনীয় এবং আনুপাতিক ক্ষেত্রেই বলপ্রয়োগ করে। পাশাপাশি হিংসার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, গাজীপুর জেলার জয়দেবপুরে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে গুরুতর আহত পোশাক শ্রমিক তৌফিক হোসেন ৩ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এইচআরডব্লিউ-কে দেওয়া সাক্ষাৎকারে তৌফিকের এক সহকর্মী জানান, দুপুরের খাবারের পর তাঁরা কারখানায় ফিরছিলেন। সেই সময় তৌফিক বিক্ষোভরত শ্রমিক এবং অন্য একটি পোশাক কারখানার বিক্ষোভ মোকাবিলার জন্য নিযুক্ত ব্যক্তিদের মধ্যে আটকে পড়েন। পরে ফিরে তাকিয়ে তিনি তৌফিককে মাটিতে পড়ে থাকতে দেখেন। ওই ব্যক্তিরা তাঁকে নির্মমভাবে মারধর করেছিলেন বলে অভিযোগ।
মানবাধিকার সংগঠনটির অভিযোগ, শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরির দাবির সমাধান না করে বাংলাদেশ কর্তৃপক্ষ বিক্ষোভের পিছনে রাজনৈতিক বিরোধীদের উসকানিকে দায়ী করছে।
এইচআরডব্লিউ জানিয়েছে, ৩ নভেম্বর নাশকতার অভিযোগে ঢাকা পুলিশ আওয়ামি লীগের ৩৩ জন সমর্থককে গ্রেফতার করার কথা জানিয়েছিল। তবে অন্যদিকে, বিক্ষোভরত শ্রমিকদের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব শাখার সদস্যরা হামলা চালিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।



