হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার মুখে এলপিজি ট্যাঙ্কার, নিরাপদে ২৪ ভারতীয় নাবিক

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘তারা গ্যাস’। তবে জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিক-সহ মোট ২৫ জন ক্রু সদস্যই নিরাপদ রয়েছেন। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত ১৬ নভেম্বর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে এই ঘটনায় কোনও ক্রু সদস্য আহত হননি। জাহাজের সমস্ত কর্মী নিরাপদ রয়েছেন।
তিনি আরও জানান, পরিস্থিতির ওপর ভারতীয় কর্তৃপক্ষ নিয়মিত নজর রাখছে। নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে।
এর কয়েক দিন আগেও পারস্য উপসাগরে ভারতীয় নাবিক বহনকারী অন্য একটি জাহাজ হামলার শিকার হয়েছিল। গত সপ্তাহে সর্বানন্দ সোনোয়াল জানিয়েছিলেন, লাইবেরিয়ার পতাকাবাহী বিশাল তেলবাহী জাহাজ ‘এমটি ফুজাইরাহ এনার্জি’ পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজে ছয়জন ভারতীয় নাবিক-সহ মোট ২২ জন কর্মী ছিলেন।
গত ১০ নভেম্বর আল রুওয়াইস থেকে দুবাই যাওয়ার পথে জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। এতে চারজন ক্রু সদস্য আহত হন, যাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ছিলেন। ওই ভারতীয় নাবিকের আঘাত সামান্য ছিল। তাঁকে নিরাপদে জাহাজ থেকে তীরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাকি ১৮ জন ক্রু সদস্য, যাঁদের মধ্যে অন্য পাঁচজন ভারতীয় নাবিকও ছিলেন, নিরাপদ রয়েছেন বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
সোনোয়াল আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নাবিকদের নিরাপত্তা, চিকিৎসা ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষ বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য এর আগেও ভারত যুদ্ধবিরতি, আলোচনা ও কূটনৈতিক সমাধানের পক্ষে সওয়াল করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, এই সংঘর্ষের ফলে প্রাণহানি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতির ওপরও ব্যাপক প্রভাব পড়েছে।
নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের দ্বি-সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সংঘর্ষের কারণে বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি, সার এবং আর্থিক লেনদেনের প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারত সংশ্লিষ্ট পক্ষগুলিকে আলোচনা ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে চলেছে। পশ্চিম এশিয়া-সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং সমুদ্রপথে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র।



