0%

বিলকিস বানো মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, ১৭ বছর পর জামিন দুই সাজাপ্রাপ্তের

নয়াদিল্লি: ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ ও খুনের মামলায় সাজাপ্রাপ্ত দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁদের জামিনও মঞ্জুর করেছে…

নয়াদিল্লি: ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ ও খুনের মামলায় সাজাপ্রাপ্ত দুই অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁদের জামিনও মঞ্জুর করেছে শীর্ষ আদালত। ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিচারপতিদের বেঞ্চ।

গত ২৮ অক্টোবর বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ এই নির্দেশ দেয়। ২০১৭ সালে বম্বে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন ওই দুই দণ্ডিত। সেই রায়ে তাঁদের দোষী সাব্যস্ত করার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও বহাল রাখা হয়েছিল। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০২২ সালের অগস্টে গুজরাট সরকার এই মামলায় সাজাপ্রাপ্ত ১১ জনকে আগাম মুক্তি দিয়েছিল। কিন্তু ২০২৪ সালে সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বর্তমানে জামিন পাওয়া দুই ব্যক্তি ওই ১১ জনের মধ্যেই রয়েছেন।

কী যুক্তি দেখিয়েছিলেন দণ্ডিতদের আইনজীবী?

দুই আবেদনকারীর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই ১৭ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন তাঁর মক্কেলরা। পাশাপাশি, তাঁদের মধ্যে একজন গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার বলেও আদালতকে জানান তিনি।

আইনজীবীর আরও দাবি, দুই দণ্ডিতের মধ্যে একজনের নাম ঘটনার সময় দায়ের হওয়া এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাঁকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছিল।

বিলকিস বানো মামলায় সংশ্লিষ্ট ট্রায়াল কোর্ট ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩০২ এবং ৩৭৬ ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করেছিল। খুন, ধর্ষণ, দাঙ্গা এবং বেআইনি জমায়েতের অভিযোগে তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জরিমানার নির্দেশও ছিল।

জামিনের বিরোধিতা কেন্দ্রের

দুই দণ্ডিতের জামিনের আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের তরফে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজা ঠাকরে। তাঁর বক্তব্য ছিল, অপরাধের গুরুত্ব বিবেচনা করে নিম্ন আদালত এবং হাই কোর্ট সমস্ত প্রাসঙ্গিক তথ্য ও নথি খতিয়ে দেখেই রায় দিয়েছিল।

তবে দুই পক্ষের বক্তব্য শোনার পর সাজা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। জামিনের শর্তাবলি নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টের উপর ছেড়ে দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতিদের পর্যবেক্ষণ, এই মামলার আপিলে তথ্য ও আইন, দুই ক্ষেত্রেই বিচার করার মতো একাধিক বিষয় রয়েছে। সেই কারণেই চূড়ান্ত শুনানির আগে আপাতত দুই আবেদনকারীকে জামিন দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে মামলাটির শুনানির দিন ধার্য করা হবে।

৩ দিনেই বদলা! ভারতীয় সেনার এনকাউন্টারে খরচ CRPF হামলার মাস্টার মাইন্ড লতিফ

জঙ্গি দমনে শুরু বিশাল অভিযান! কুলগাম ঘিরে ফেলল ভারতীয় সেনা

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker