0%

‘বিজেপি ক্ষমতায় না এলে..’, রত্না দেবনাথের মন্তব্যের পরই মুখ খুললেন অর্জুন-দিলীপ

SOBDIK NEWS: এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। এর মাঝেই দলের ক্ষমতায় আসা নিয়েই আক্ষেপ প্রকাশ করেছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। তাঁর সেই বক্তব্য ঘিরে এবার দলের দুই নেতার প্রতিক্রিয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের দাবি, আবেগের বশে এমন মন্তব্য করা ঠিক নয়। দিলীপ ঘোষও মনে করেন, দলের সমস্যা সংবাদমাধ্যমের সামনে না তুলে সাংগঠনিক স্তরেই তার সমাধান করা প্রয়োজন।

কী এমন বলেছিলেন রত্না দেবনাথ (Ratna Debnath)‌?

অরূপের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রত্না দেবনাথ। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বিশেষ করে মৃত কর্মীর সন্তানদের সামনে দাঁড়িয়ে নিজের আক্ষেপ চেপে রাখতে পারেননি বিধায়ক। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হতো। তাহলে হয়তো এভাবে প্রাণ হারাতে হত না অরূপকে।”

পানিহাটির বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে রত্না দেবনাথের মুখে যে আক্ষেপের কথা শোনা গিয়েছিল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। তাঁর মতে, “ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেফতার করা উচিত। গ্রেফতার হয়েছেও।”

আরও পড়ুন :১ লক্ষ ১০ হাজার চিকিৎসককে নিয়ে স্বাস্থ্য ভবনের নয়া সিদ্ধান্ত! ডাক্তারদের ডিগ্রি নিয়ে বড়সড় পরীক্ষা

দলের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে প্রকাশ্যে আলোচনা করার পক্ষপাতী নন দিলীপ ঘোষও। তাঁর বক্তব্য, “কোথাও সমস্যা থাকলে, সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না। সমস্যা তৈরি হয়। সমাধান পার্টির তরফ থেকে করা উচিত। খোঁজ নেওয়া উচিৎ। দেখা উচিৎ যে কোথায় সমস্যা রয়েছে।”

উল্লেখ্য, স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে বিবাদের সূত্রপাত শনিবারের একটি প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার উদ্যোগে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছিল। সেই কর্মসূচির পরেই দলের কয়েকজন কর্মী রুমা সাহাকে প্রকাশ্যে অপমান করেন বলে অভিযোগ ওঠে। স্ত্রীর সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছিলেন তাঁর স্বামী অরূপ সাহা। তিনি নিজেও সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযোগ, প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। এরপরই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অরূপ। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রবিবার অরূপের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রত্না দেবনাথ। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker