0%

‘হালাল খাবার বিক্রি করি না’, ঘোষণায় লন্ডনের ভারতীয় রেস্তরাঁয় মুসলিম বিক্ষোভ, উঠল ‘আল্লাহু আকবর’ স্লোগান

পশ্চিম লন্ডনের একটি ভারতীয় রেস্তোরাঁর বাইরে শত শত মুসলিম বিক্ষোভকারী। তাদের দাবি, ওই রেস্তরাঁটিকে বন্ধ করতে হবে। যেহেতু ‘হালাল খাবার’ (শরিয়ত অনুযায়ী বৈধ খাদ্য) বিক্রি করবেন না বলে জানিয়ে দিয়েছেন মালিক। হ্যামারসমিথ এলাকার জনপ্রিয় রেস্তরাঁ ‘সিংস ডাইনিং’য়ের সামনের বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশে খবর দেওয়া। শেষ পর্যন্ত পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের নিরস্ত করে। যদিও আতঙ্ক কাটছে না রেস্তরাঁ মালিকের। ফের হামলার আশঙ্কা করছেন তিনি। প্রশ্ন উঠছে, লন্ডনের মতো শহরে, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের দাবিতে কোনও রেস্তরাঁ কেন ‘হালাল খাবার’ বিক্রি করবে?

‘সিংস ডাইনিং’ নামের ভারতীয় রেস্তরাঁটি খাদ্য রসিকদের কাছে ‘রংরেজ’ নামে পরিচিত। সেটির মালিক হরমন সিং কাপুর। ঝামেলার নেপথ্যে রেস্তারাঁর দরজায় ঝোলানো একটি বার্তা। সেখানে লেখা—‘আমরা গর্বের সঙ্গে হালাল খাদ্য বিক্রি করি না’। সিংস ডাইনিংয়ের সমালোচকদের আরও অভিযোগ, সমাজমাধ্যমে মুসলিম, হালাল মাংস এবং গাজা সংঘাত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হরমন। অন্যদিকে, হরমনের দাবি, হালাল মাংস বিক্রি করতে অস্বীকার করায় তিনি এবং তাঁর পরিবারের সদস্যদের অসংখ্যবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। আরও দাবি করেন, বিক্ষোভকারীরা তাঁর রেস্তরাঁ বয়কট করার ডাক দেওয়ায় ব্যবসার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে বাধ্যতামূলক পুলিশের দ্বারস্থ হন তিনি। এদিকে, ‘ফলটি টাওয়ার্স’ খ্যাত অভিনেতা জন ক্লিস রেস্তরাঁটির পাশে দাঁড়িয়েছেন।

পরিস্থিতি আরও একটি মোড় নেয়, যখন বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে পশ্চিম লন্ডনের বাসভবন থেকে হরমনকে গ্রেপ্তার করা হয়। মনে করা হচ্ছে, সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের জেরেই গ্রেপ্তার করা হয়েছে শিখ রেস্তরাঁ মালিককে। বিক্ষোভকারীদের ফুটেজে দেখা গিয়েছে, হরমনের অবর্তমানে তাঁর স্ত্রী খুশি রেস্তরাঁর জানালায় একটি প্ল্যাকার্ড তুলে ধরেছেন। যেখানে লেখা আছে, “জন ক্লিস এই রেস্তোরাঁটির পাশে দাঁড়াচ্ছেন। কারণ পুলিশ তা করছে না।” অন্য ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মুসলিম বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা হাতে ‘আল্লাহু আকবার’, ‘ধিক্কার তোমাদের’ ও ‘প্যালেস্টাইন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে পশ্চিম লন্ডনের ভারতীয় রেস্তরাঁ নিয়ে অশান্তি ঊর্ধ্বমুখী।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker