মুম্বইয়ের রাস্তায় উইলিয়াম-কেটের সঙ্গী শচীন, খেললেন গলি ক্রিকেট, চেখে দেখলেন স্ট্রিট ফুড

রাজকীয় সফর হলেও মুম্বইয়ের অলিগলিতে ঘোরার সময় আড়ম্বরের লেশমাত্র ছিল না। সঙ্গী ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর। ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটনকে নিয়ে মুম্বইয়ের রাস্তায় হাঁটতে দেখা গেল তাঁকে। শহরের ঐতিহ্যবাহী হ্যামিল্টন স্টুডিওর সামনে তিনজনকে একসঙ্গে দেখা যায়। মুম্বইয়ের রাস্তার খাবার এবং স্থানীয় সংস্কৃতির স্বাদও নেন। একসঙ্গে গলি ক্রিকেটও খেলেন তাঁরা।
সোমবার তিন দিনের ভারত সফরে মুম্বইয়ে পা রেখেছেন উইলিয়াম (Prince William India Visit) ও কেট। তাঁদের সঙ্গে শচীনের এই সাক্ষাৎ অন্য মাত্রা পেয়েছে। এমন একটা দিনে তাঁদের দেখা হল, যে দিনটা বছর ১৩ আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন লিটল মাস্টার। ২০১৩ সালের ১৬ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০তম টেস্ট ম্যাচ খেলে ২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টানেন শচীন। বলার অপেক্ষা রাখে না, ক্রিকেটের মাধ্যমে ভারত ও ব্রিটেনের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের ছবিও ফুটে উঠেছে।
The royal couple Prince William and Kate kick off their engagements with a game of gully cricket at Ballard Estate, joining young people from Mumbai communities and cricket legend Sachin Tendulkar. Interestingly, William and Kate had played street cricket with local children during their 2016 visit to Mumbai too!
— Richa Pinto (@richapintoi) November 16, 2026
মুম্বইয়ের বলার্ড এস্টেট এলাকায় শচীনের সঙ্গে হাঁটতে দেখা যায় রাজদম্পতিকে। শহরের পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে মুম্বইয়ের জীবনযাত্রার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন ১০০ সেঞ্চুরির সম্রাট। স্ট্রিট ফুড চেখে দেখার পর্বও ছিল। মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ খেলেন তাঁরা। সেখানে ধরা পড়ে ঘরোয়া মেজাজ। তাছাড়াও মুম্বইয়ের বিভিন্ন ঐতিহাসিক বাড়িতে ব্রিটেনের যুবরাজ-যুবরানিকে নিয়ে ঘোরার সময় তার ইতিহাস বোঝাতে দেখা গিয়েছে শচীনকে।
সে ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। উইলিয়াম পরেছিলেন সাদা জামা ও জিনস। নেহরু-জ্যাকেটও ছিল। হালকা হলুদ-সবুজ রঙের ব্লেজার পরেছিলেন কেট। শচীনের পরনে ছিল আকাশি জামা এবং নীল জিনস। তাছাড়াও কখনও ব্যাটিংয়ে মজে থাকতে দেখা যায় ব্রিটেনের প্রিন্সকে। আবার কখনও শচীনকে বোলিং করছেন। তবে মুম্বইয়ে উইলিয়াম-কেটের কর্মসূচি শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। শহরের মেট্রো রেলেও চড়ার কথা তাঁদের। বলিউডের তারকাদের সঙ্গেও দেখা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। তার পরে যাবেন নয়াদিল্লি। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে ব্রিটেনের রাজদম্পতির।
উইলিয়ামের উদ্যোগে ২০২০ সালে শুরু হয়েছিল আর্থশট পুরস্কার। পরিবেশের সুরক্ষা এবং পৃথিবীর বৃহত্তম সমস্যাগুলির সমাধানে অভিনব উদ্যোগকে স্বীকৃতি দেওয়াই এই পুরস্কারের লক্ষ্য। এবারের প্রতিযোগিতায় পাঁচটি প্রকল্পকে বেছে নেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ১০ লক্ষ পাউন্ড করে। পুরস্কারের অর্থ দিয়ে নিজেদের উদ্যোগকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন তাঁরা। এবারই সবচেয়ে বড় পরিসরে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার উপস্থিত থাকার কথা। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট। সঙ্গীত পরিবেশন করার কথা ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’-এরও। এত সবের মধ্যেও শচীনের সঙ্গে তাঁদের দেখা হওয়া বিশেষ গুরুত্ব পেয়েছে।
শেয়ার
লিংক



